পঞ্চগড়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর ১৮টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। এরপর দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।
বক্তারা বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। দেশের মানুষের মাংস, দুধ, মুরগি ও ডিমসহ প্রাণিজ আমিষের চাহিদা পূরণে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রাম ও শহর পর্যায়ের খামারিরা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদান রাখছেন। তাঁদের উদ্যোগে দেশের এই খাত আরও শক্তিশালী হয়েছে।
বক্তারা আরও বলেন, প্রাণিখাদ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সাইম ও সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। এ ছাড়া প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
১২৩ বার পড়া হয়েছে