নেত্রকোনায় এনসিপি নেতা মো. ফাহিমের বাড়িতে আগুন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনা পৌর শহরের হোসেনপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বাসার বারান্দার একটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে।
বৃহস্পতিবার ভোরে নেত্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় ফাহিম রহমান খান পাঠানের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাড়ির লোকজন আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তা নিয়ন্ত্রণে আনেন।
ফাহিম রহমান খান পাঠান হোসেনপুর এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী বিষয়ক সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৬৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে তিনি দ্বিতীয় হন।
বাসায় অগ্নিসংযোগের ঘটনায় নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন ফাহিম। সেখানে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের এ ঘটনার জন্য দায়ী করেছেন।
মুঠোফোনে ফাহিম রহমান খান পাঠান জানান, বেশ কিছুদিন ধরে অজ্ঞাতনামা ফোন নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি তিনি দলের কেন্দ্রীয় নেতাদেরও জানিয়েছেন।
তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররাই ঘটিয়েছে। আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই।’
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
১০৮ বার পড়া হয়েছে