ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, আকাশে ড্রোন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ডিসেম্বর মাসকে ঘিরে সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ ও নাশকতার আশঙ্কায় দিনাজপুরের হিলি সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিন-রাত টহলের পাশাপাশি ড্রোন, থার্মাল ইমেজার, নাইটভিশন যন্ত্র, সার্চলাইট ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবির এই তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক পাচার এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি পরিচালনা করা হয়। তবে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বেনাপোল সীমান্ত পরিদর্শন এবং ডিসেম্বর মাসকে ঘিরে নাশকতার আশঙ্কার পরিপ্রেক্ষিতে হিলি সীমান্তে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন এই সীমান্ত এলাকায় দিন-রাত টহল বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে থার্মাল ইমেজার ও নাইটভিশন সুবিধাসম্পন্ন ড্রোনের মাধ্যমে সীমান্তের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করা হচ্ছে।
বাসুদেবপুর বিজিবি চেকপোস্ট এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, আগের তুলনায় সীমান্তে বিজিবির তৎপরতা অনেক বেড়েছে। মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি তৈরি করেছে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির বিভিন্ন গুজব ছড়িয়েছে। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সীমান্তের সার্বিক নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা উন্নত করা হয়েছে।
তিনি জানান, থার্মাল ইমেজার ও নাইটভিশন সুবিধাসম্পন্ন ড্রোন ব্যবহার করে দিন ও রাত—উভয় সময়েই সীমান্ত পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে সার্চলাইট ও ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অত্যাধুনিক সরঞ্জাম, থার্মাল নন-লেথাল উইপন ও ফায়ার কন্ট্রোল ইকুইপমেন্টসহ বিজিবির একটি রিজার্ভ প্লাটুনও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।
১০৯ বার পড়া হয়েছে