আকভান চলে গেছে-রেখে গেছে ক্ষত; জয়পুরহাটে ফসলের ব্যাপক ক্ষতি
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৩:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে জয়পুরহাটের বিস্তীর্ণ এলাকার ধান, আলু ও সরিষার খেত পানিতে ডুবে গেছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। বিশেষ করে আগাম ধান কাটার পর রোপণ করা আলু ও সরিষার খেতে পানি জমে বেশি ক্ষতি হয়েছে। কৃষকেরা সেচের মাধ্যমে পানি সরানোর চেষ্টা করছেন। তবে দ্রুত পানি নিষ্কাশন করা গেলে ফসলের ক্ষতি কিছুটা কমানো সম্ভব বলে আশা করছে কৃষি বিভাগ।
জয়পুরহাটে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত টানা তিন দিন বৃষ্টিতে কৃষিজমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আমন ধান, আলু ও সরিষার খেত ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলার কৃষকেরা। বৃষ্টির পানি সরিয়ে ফসল রক্ষার চেষ্টা করলেও সম্ভাব্য লোকসান নিয়ে উদ্বিগ্ন তাঁরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জয়পুরহাটে ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে কৃষকেরা প্রায় ৩১ হাজার হেক্টর জমির ধান কেটে ফেলেছেন। এখনো ৩৯ হাজার হেক্টর জমির ধান কাটার অপেক্ষায় রয়েছে।
তবে টানা বৃষ্টিতে অধিকাংশ ধানখেত পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে যেসব জমিতে ধান কেটে শুকানোর জন্য ফেলে রাখা হয়েছিল, সেসব জমির ধান বৃষ্টির পানিতে ভিজে গেছে। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকলে ধানে শিকড় গজিয়ে যেতে পারে। এতে ধানের গুণগত মান ও বাজারমূল্য কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
শিকড় গজানো ঠেকাতে কৃষি বিভাগের পরামর্শে কোনো কোনো কৃষক ভেজা ধানের গাছে ঘাস দমনের কীটনাশক স্প্রে করছেন। কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, বৃষ্টিতে জেলায় প্রায় চার হাজার হেক্টর আমন ধানের ক্ষতি হয়েছে।
অসময়ের এই বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আলু ও সরিষাচাষিরা। জেলার ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় এসব ফসলের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। এ অঞ্চলের কৃষকেরা আগাম আমন ধান কাটার পর আলু ও সরিষা চাষ করেন। কিন্তু রোপণের পরপরই টানা বৃষ্টিতে অধিকাংশ জমিতে পানি জমে গেছে।
কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় ৩৮ হাজার ৪০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় সাত হাজার হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে। এর মধ্যে বৃষ্টির পানিতে প্রায় চার হাজার হেক্টর জমির আলুখেত ডুবে গেছে। ক্ষতি এড়াতে কৃষকেরা সেচযন্ত্রের সাহায্যে জমি থেকে পানি সরানোর চেষ্টা করছেন।
অন্যদিকে, জেলায় এ পর্যন্ত এক হাজার ৬০০ হেক্টর জমিতে সরিষা রোপণ করা হয়েছে। এর মধ্যে ১৬০ হেক্টর জমির সরিষাখেত পানিতে ডুবে গেছে।
ক্ষেতলাল উপজেলার তিলাবদুল সাখিদারপাড়া গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন, বৃষ্টির আগে প্রায় আড়াই বিঘা জমির পাকা ধান কেটে শুকানোর জন্য জমিতেই রেখেছিলেন তিনি। কিন্তু শুক্রবার থেকে বৃষ্টি শুরু হওয়ায় সেই ধান আর ঘরে তুলতে পারেননি। দীর্ঘ সময় ভেজা অবস্থায় থাকলে ধানে শিকড় গজাতে পারে। এ আশঙ্কায় কৃষি বিভাগের পরামর্শে ভেজা ধানের গাছে ঘাস দমনের কীটনাশক স্প্রে করছেন।
একই এলাকার কৃষক দুলাল আহমেদ বলেন, এবারের বৃষ্টিতে তাঁদের মতো কৃষকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক টাকা খরচ করে ধান চাষের পরও বৃষ্টির কারণে মাঠ থেকে ধান ঘরে তুলতে পারছেন না। ধান কাটার খরচও বেড়েছে। অথচ বাজারে ধানের দাম তুলনামূলক কম।
তিনি বলেন, এক বিঘা জমিতে ১৫ থেকে ১৬ মণ ধান উৎপাদন হচ্ছে। জমির দামসহ উৎপাদন খরচ পড়ছে প্রায় ২০ হাজার টাকা। অথচ ধান বিক্রি করে সর্বোচ্চ ১৮ হাজার টাকা পাওয়া যাচ্ছে। বৃষ্টির কারণে ধানের দাম আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
শশীগ্রামের আলুচাষি তোফাজ্জল হোসেন বলেন, এক বিঘা জমিতে আলু চাষ করতে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হচ্ছে। শুধু বীজ কিনতেই ব্যয় হচ্ছে প্রায় আট হাজার টাকা। এর বাইরে সার ও অন্যান্য খরচ রয়েছে। লাভের আশায় ধারদেনা করে তিন বিঘা জমিতে আলু রোপণ করেছিলেন। কিন্তু বৃষ্টিতে পুরো খেত ডুবে যাওয়ায় তাঁর সব স্বপ্ন ভেঙে গেছে। এখন সেচের মাধ্যমে পানি সরিয়ে আলুখেত বাঁচানোর চেষ্টা করছেন।
হিন্দা গ্রামের কৃষক তরিকুল ইসলাম বলেন, প্রায় ৮০ হাজার টাকা খরচ করে চার বিঘা জমিতে মিউজিকা জাতের আলু চাষ করেছেন তিনি। কিন্তু বৃষ্টিতে পুরো খেত ডুবে গেছে। পানি অপসারণের কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে বালতি দিয়ে জমি থেকে পানি তুলে ফসল রক্ষার চেষ্টা করছেন। শ্রমিক ও জমি চাষের খরচ আগের তুলনায় বেড়ে যাওয়ায় এবার আলু উৎপাদনে ব্যয়ও অনেক বেশি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজু আলম সরকার বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অসময়ের বৃষ্টিতে জেলায় চার হাজার হেক্টর আমন ধানখেত, চার হাজার হেক্টর আলুখেত এবং ১৬০ হেক্টর সরিষাখেত পানিতে ডুবে গেছে।
তিনি বলেন, ফসল রক্ষায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত জমি থেকে বৃষ্টির পানি অপসারণের পরামর্শ দেওয়া হয়েছে। জমি দ্রুত শুকিয়ে গেলে ফসলের বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।
১১৪ বার পড়া হয়েছে