সর্বশেষ

জাতীয়

বাংলাদেশে নারী ও শিশুর প্রতি নির্যাতন বেড়েছে ৫৪ শতাংশ: এইচআরএসএস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৩:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে অন্তত ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ৭৩৩। সে হিসাবে এক বছরের ব্যবধানে নির্যাতনের ঘটনা বেড়েছে ৯৩২টি বা প্রায় ৫৪ শতাংশ।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দেশের ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনের তথ্য প্রকাশ করেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৭৫৯ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৪৩৪ জনই শিশু ও কিশোরী, যা মোট ধর্ষণের ঘটনার প্রায় ৫৭ শতাংশ। এ সময়ে ১৫০ জন গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৪ জনকে। অন্যদিকে, ২০২৫ সালের একই সময়ে ধর্ষণের শিকার হয়েছিলেন ৭৪১ জন।

প্রতিবেদনে ২০২৫ ও ২০২৬ সালের প্রথম ১০ মাসের তুলনামূলক চিত্রে বিভিন্ন ধরনের সহিংসতা বৃদ্ধির তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, যৌন নিপীড়নের ঘটনা ২০২৫ সালের ৩৭৪টি থেকে বেড়ে ২০২৬ সালে ৭৬৮টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ এ ধরনের ঘটনা বেড়েছে প্রায় ১০৫ শতাংশ। যৌন নিপীড়নের শিকার শিশুর সংখ্যা ২১৪ থেকে বেড়ে হয়েছে ৩১২।

এ ছাড়া পারিবারিক সহিংসতায় নিহতের সংখ্যা ৩২৩ থেকে বেড়ে ৫০২ হয়েছে। একই সময়ে পারিবারিক সহিংসতায় আহতের সংখ্যা ৮৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩০৫। যৌতুকের কারণে হত্যার ঘটনা ২৮ থেকে বেড়ে ৪১ এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ২৪ থেকে বেড়ে ৩৪ হয়েছে।

এইচআরএসএস মনে করে, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বৃদ্ধির পেছনে পুরুষতান্ত্রিক মানসিকতা, সামাজিক বৈষম্য, ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতার সংস্কৃতি এবং অপর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংস্থাটির মতে, অপরাধ সংঘটনের পর অপরাধীদের বিচারের আওতায় আনার পাশাপাশি সহিংসতার মূল কারণগুলো দূর করতে কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ করা জরুরি।

এ পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি সুপারিশও করেছে এইচআরএসএস। এর মধ্যে রয়েছে ধর্ষণ, যৌন নিপীড়ন, যৌতুক ও পারিবারিক সহিংসতার ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা। পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপরিসরে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থা জোরদার করার কথা বলা হয়েছে।

এ ছাড়া নির্যাতনের শিকার ব্যক্তিদের বিনা মূল্যে আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় এবং পুনর্বাসন নিশ্চিত করার সুপারিশ করেছে সংস্থাটি।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০