চুয়াডাঙ্গায় শীত, তাপমাত্রা নেমেছে ১৫.৭ ডিগ্রিতে
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কুয়াশা আর হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় জেঁকে বসতে শুরু করেছে শীত। বৃহস্পতিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে সর্বনিম্ন। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। শীতের প্রভাবে হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। অন্যদিকে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠেছেন মৌসুমি গাছিরা। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
চুয়াডাঙ্গায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। ভোর থেকে কুয়াশা ও হিমেল বাতাসে শীতের উপস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে। তাপমাত্রা কমে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রায়ও পড়তে শুরু করেছে শীতের প্রভাব। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য শীত বাড়িয়ে দিয়েছে জীবিকার চ্যালেঞ্জ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। চলতি মৌসুমে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।
তিনি ঢাকা পোস্টকে বলেন, তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বেড়েছে।
এদিকে শীতের প্রভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের ভাষ্য, গত সপ্তাহের তুলনায় হাসপাতালের বহির্বিভাগে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। রোটা ভাইরাসজনিত ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন অনেকে।
শীতের আগমনে অবশ্য নতুন কর্মব্যস্ততা শুরু হয়েছে মৌসুমি খেজুর গাছিদের। খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে গাছ পরিষ্কার করে নল বসানোর কাজ শুরু করেছেন তাঁরা। গাছিদের প্রত্যাশা, আর কয়েক দিনের মধ্যেই বাজারে উঠবে টাটকা খেজুরের রস ও গুড়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের তরুণ গাছি সাদ্দাম হোসেন বলেন, খেজুরগাছ থেকে রস সংগ্রহ তাঁদের পারিবারিক পেশা। তাঁর বাবা ও দাদারাও এ কাজ করতেন। এখন তিনি পরিবারের সেই ঐতিহ্য ধরে রেখেছেন। কয়েক দিনের মধ্যেই রস সংগ্রহ শুরু করবেন। অন্য বছরের মতো এবারও উৎপাদিত গুড় দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশেও পাঠানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।
অন্যদিকে শীতের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। ভোরের ঠান্ডা উপেক্ষা করে জীবিকার প্রয়োজনে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি নিয়ে রাস্তায় নামতে হচ্ছে তাঁদের। কিন্তু শীতের কারণে যাত্রী কমে যাওয়ায় আয়ও কমেছে।
চুয়াডাঙ্গা শহরের রিকশাচালক জালাল উদ্দিন বলেন, গত দুই দিন ভোরে বাড়ি থেকে বের হলেই শরীরে কাঁপুনি ধরে। রাস্তায় আগের তুলনায় যাত্রীও কম পাওয়া যাচ্ছে। তারপরও জীবিকার তাগিদে রিকশা চালাতে হচ্ছে।
দিনমজুর রফিকুল ইসলাম বলেন, শীত বাড়লে কাজের সুযোগ কমে যায়। সকালে তেমন কেউ কাজে ডাকেন না। দুপুরে রোদ ওঠার পর মাঠে কাজ করার সুযোগ হয়।
১১০ বার পড়া হয়েছে