সাতক্ষীরায় ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ আটক ২
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার সদর উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোডাউন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতিসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার আলিপুর এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান (১৯) এবং সংগঠনটির সদস্য মো. মিন্টু (১৮)। মেহেদী হাসান ঢালিপাড়া এলাকার আলতাফ হোসেন হেলালের ছেলে। মিন্টু একই এলাকার আমবীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আলিপুর এলাকায় কয়েক হাজার বিএনপি নেতাকর্মীর অংশগ্রহণে একটি মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হচ্ছিল। শোডাউনটি ঢালিপাড়া ও আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে সেখান থেকে শোডাউন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ ওঠে।
এ সময় বিষয়টি বুঝতে পেরে শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা ধাওয়া দিয়ে হাতে ইটপাটকেলসহ মেহেদী হাসান ও মিন্টুকে আটক করেন। পরে খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের হেফাজতে নেয়।
তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, মোটরসাইকেল শোডাউনে বাধা দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আটক দুজন মূলত থানার একটি মামলার আসামি। তাঁদের গ্রেপ্তারে পুলিশ আগে থেকেই ওই এলাকায় নজরদারি করছিল। পরে ঘটনাস্থল থেকে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
১০৭ বার পড়া হয়েছে