সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ৪১টি নকল সোনার বারসহ গ্রেপ্তার ২

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর কর্ণহার থানা এলাকায় সোনার বার বলে প্রতারণার উদ্দেশ্যে বহন করা ৪১টি নকল বারসদৃশ বস্তুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা করে বস্তুগুলো লোহার তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে কৈকুড়ি মোড়সংলগ্ন একটি চেকপোস্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কৈকুড়ি মোড়সংলগ্ন সেতুর পশ্চিম পাশে চেকপোস্ট পরিচালনা করছিল কর্ণহার থানা-পুলিশ। এ সময় গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি চার্জার অটোরিকশায় তল্লাশি চালানো হয়। অটোরিকশাটিতে থাকা তিন যাত্রীর মধ্যে একজন পালিয়ে যান। পরে বাকি দুজনের দেহ তল্লাশি করে একজনের কাঁধে থাকা স্কুলব্যাগ থেকে খবরের কাগজ ও কসটেপে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়।

প্যাকেটের ভেতরে একটি কাগজের বাক্সে সোনালি রঙের প্রলেপ দেওয়া ৪১টি বারসদৃশ বস্তু পাওয়া যায়। পরে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় একজন স্বর্ণকারের মাধ্যমে বস্তুগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষায় সোনালি প্রলেপের নিচে লোহার বার পাওয়া যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর থানার মাগুরখন্ড ফকিরকান্দি এলাকার নূরুল ইসলাম ফকিরের ছেলে মনিরুজ্জামান ফকির ওরফে মনির ফকির (৩৪) এবং মৌলভীবাজারের জুড়ি থানার দক্ষিণ সাগরনাল এলাকার আব্দুল আলীর ছেলে জাহিদ হোসেন (২৮)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, পলাতক আরও একজনের সঙ্গে মিলে তাঁরা দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে স্বর্ণের বারের মতো বস্তু তৈরি করতেন। পরে সেগুলো আসল স্বর্ণ বলে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। জাহিদ হোসেনের ভাষ্য অনুযায়ী, মনিরুজ্জামান তাঁকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসেন।

উদ্ধার করা ৪১টি বারসদৃশ বস্তুর মোট ওজন ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম। এ ছাড়া তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ, নগদ ৩ হাজার ১৭৪ টাকা এবং একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে কর্ণহার থানায় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০