বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৩:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
‘অন্যায্য উৎপাদন চর্চা’ ও ‘শ্রমিকদের পর্যাপ্ত সুরক্ষা না দেওয়ার’ অভিযোগে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। আট মাসের তদন্ত শেষে বাংলাদেশের পাশাপাশি আরও ১৩টি বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে এ পদক্ষেপের প্রস্তাব করেছে দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। তবে প্রস্তাবিত শুল্ক বিদ্যমান শুল্কের সঙ্গে কীভাবে সমন্বয় হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
বাংলাদেশসহ ১৪টি অর্থনীতির উৎপাদন ও শিল্পনীতিতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা এবং উৎপাদনসংক্রান্ত অনিয়মের অভিযোগে তদন্ত চালায় যুক্তরাষ্ট্র। তদন্ত শেষে গত বুধবার দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার নতুন শুল্ক আরোপের প্রস্তাব ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ছাড়া প্রস্তাবিত শুল্কের তালিকায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান ও ভারত। মেক্সিকো ও নরওয়ের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র।
প্রস্তাব অনুযায়ী, দেশভেদে শুল্কের হার আলাদা হবে। ভিয়েতনামের পণ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ, ভারতের পণ্যে ২৫ শতাংশ, চীন ও সিঙ্গাপুরের পণ্যে ২০ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও তাইওয়ানের পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া ও থাইল্যান্ডের ক্ষেত্রে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে।
বাংলাদেশের ক্ষেত্রেও সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। তবে এ হার বিদ্যমান শুল্কের সঙ্গে সরাসরি যুক্ত হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ইউএসটিআরের প্রস্তাবে বলা হয়েছে, বিদ্যমান ৩০১ ধারার শুল্ক বাদ দিয়ে নতুন শুল্কহার বিবেচনা করা হবে। কিছু পণ্যকে শুল্কের আওতার বাইরে রাখার প্রস্তাবও রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য চুক্তি ও অন্যান্য শুল্কসংক্রান্ত ব্যবস্থাও বিবেচনায় নেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি চূড়ান্ত হলে বাংলাদেশের রপ্তানিকারকদের ওপর শুল্কের প্রভাব পড়তে পারে। বিশেষ করে তৈরি পোশাক খাতের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান রপ্তানি বাজার।
বাংলাদেশের শিল্প ও উৎপাদন খাত নিয়ে ইউএসটিআরের প্রতিবেদনে পাঁচটি বিষয়কে আপত্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো শিল্প ও উৎপাদন খাত সম্প্রসারণে সরকারি পরিকল্পনা, উৎপাদন ও রপ্তানিতে সরকারি প্রণোদনা, শ্রমিকদের পর্যাপ্ত সুরক্ষার অভাব, আর্থিক খাতের নিয়ন্ত্রণমূলক নীতি এবং বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন সক্ষমতা মোকাবিলায় ব্যর্থতা।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব নীতির কারণে দেশটির উৎপাদক ও রপ্তানিকারকেরা বাংলাদেশসহ তৃতীয় দেশের বাজারে প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতকে দেশটির অর্থনৈতিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
প্রতিবেদনে বাংলাদেশের রপ্তানি প্রণোদনার বিষয়টিও তুলে ধরা হয়েছে। ইউএসটিআরের হিসাবে, দেশের ৪৩টি খাত রপ্তানি প্রণোদনার আওতায় রয়েছে।
শিল্পের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার উদাহরণ হিসেবে বাংলাদেশের সিমেন্ট খাতের কথা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে দেশে সিমেন্টের ব্যবহার ছিল প্রায় ৩ কোটি ৮০ লাখ টন, যা মোট উৎপাদন সক্ষমতার ৪০ শতাংশেরও কম। ২০২৫ সালে এ চাহিদা আরও কমেছে বলেও উল্লেখ করা হয়েছে।
ইউএসটিআরের দাবি, সরকারি সহায়তা ও অতিরিক্ত উৎপাদন সক্ষমতা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার পরিবেশকে প্রভাবিত করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পণ্য বাণিজ্যে ৬১৫ কোটি ডলারের উদ্বৃত্তের বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
নতুন শুল্ক প্রস্তাবের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশের আগে হওয়া বাণিজ্য চুক্তিও বিবেচনায় নেওয়া হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্য চুক্তিতে নির্ধারিত শুল্কসীমা অক্ষুণ্ন রাখার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন কর্মকর্তারা। ফলে ঘোষিত সর্বোচ্চ শুল্কহার সব পণ্যের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে কার্যকর হবে, এমন নিশ্চয়তা নেই।
বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য প্রকৃত শুল্কের চাপ কতটা বাড়বে, তা নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত ও বিদ্যমান শুল্কব্যবস্থার ওপর।
ইউএসটিআর জানিয়েছে, প্রস্তাবের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নেওয়া হবে এবং শুনানির সুযোগ থাকবে। ২০২৭ সালের ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত ও শুনানিতে অংশ নেওয়ার আবেদন জমা দিতে হবে। শুনানি শুরু হওয়ার কথা ২৫ জানুয়ারি। এরপর প্রাপ্ত মতামত ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত উৎপাদন সক্ষমতাসংক্রান্ত তদন্তে প্রথমে ১৬টি অর্থনীতিকে অন্তর্ভুক্ত করার কথা থাকলেও শেষ পর্যন্ত ১৪টি রাখা হয়েছে। বাদ পড়া দুটি দেশের মধ্যে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী পাকিস্তানও রয়েছে। ফলে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের প্রস্তাব আসেনি।
তিনি বলেন, আগামী জানুয়ারিতে প্রস্তাবিত শুল্ক নিয়ে শুনানি হবে। এরপর সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মহিউদ্দিন রুবেলের ভাষ্য অনুযায়ী, প্রস্তাব কার্যকর হলে বাংলাদেশের পোশাকের ওপর আগে থেকে থাকা জোরপূর্বক শ্রমসংক্রান্ত ১০ শতাংশ শুল্কের সঙ্গে নতুন করে ৮ শতাংশ যুক্ত হতে পারে। সে ক্ষেত্রে মোট শুল্কের হার দাঁড়াবে ১৮ শতাংশ। ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার ক্ষেত্রেও একই হার প্রযোজ্য হতে পারে।
তবে ভারত ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারলে দেশ দুটির শুল্কহার যথাক্রমে ১৭ ও ২০ শতাংশ হতে পারে বলে মনে করেন তিনি। চুক্তি না হলে তাদের ওপর বাংলাদেশের তুলনায় বেশি শুল্ক আরোপের আশঙ্কা রয়েছে। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি হতে পারে।
তুলা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা বা টিআরকিউ পাওয়ার বিষয়টিও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন মহিউদ্দিন রুবেল। তাঁর মতে, এ সুবিধা পাওয়া গেলে বাংলাদেশের রপ্তানিকারকেরা বাড়তি সুবিধা পেতে পারেন। তবে টিআরকিউ সুবিধার ক্ষেত্রে নতুন ৮ শতাংশ শুল্ক কার্যকর হবে কি না, তা এখনো পরিষ্কার নয়।
তিনি আরও বলেন, প্রস্তাবিত শুল্ক নিয়ে শুনানি ও মতামত দেওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নিয়ে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির সম্ভাবনাও খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে তুলা ব্যবহারের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা আদায়ের চেষ্টা গুরুত্বপূর্ণ।
মহিউদ্দিন রুবেলের মতে, নতুন শুল্ক আরোপের উদ্যোগটি চলমান তদন্তের অংশ। শেষ পর্যন্ত কিছু শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
সব মিলিয়ে প্রস্তাবিত শুল্ক বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে শ্রমিক অধিকার, রপ্তানি প্রণোদনা ও শিল্পনীতিসংক্রান্ত অভিযোগের বিষয়ে বাংলাদেশকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
১০৯ বার পড়া হয়েছে