সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী ও সতিনের ভাইকে মৃত্যুদণ্ড
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় স্ত্রী নাছিমা খাতুনকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও তাঁর দ্বিতীয় স্ত্রীর ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগরপাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে একই উপজেলার মাধবকাটি গ্রামের আবুল কাশেমের ছেলে শওকত আলীর বিয়ে হয়। তাঁদের সংসারে দুটি সন্তান জন্ম নেয়।
বিয়ের পর শওকত আলী দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী নাছিমাকে নির্যাতন করতে থাকেন। একপর্যায়ে নির্যাতন থেকে বাঁচতে নাছিমা বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে স্বামীকে দেন। তবে এরপরও তাঁর ওপর নির্যাতন বন্ধ হয়নি।
পরবর্তী সময়ে শওকত আলী সাতক্ষীরা পৌরশহরের কুখরালী কলোনিপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। তখন নাছিমা দুই সন্তানকে নিয়ে শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
একপর্যায়ে শওকত আলী প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেন। এ নিয়ে নাছিমা তাঁর স্বামী, সতিনসহ কয়েকজনের বিরুদ্ধে সাতক্ষীরা পৌরসভায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ৩০ আগস্ট তাঁদের পৌরসভায় হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়।
মামলার বিবরণে বলা হয়, নোটিশের এক দিন আগে ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে আটটার দিকে শওকত আলী, তাঁর দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনার ভাই শফিকুল ইসলাম ও তাঁদের মা ছবিরন খাতুন ইটাগাছার ভাড়া বাসায় যান। সেখানে তাঁরা নাছিমাকে মারধর করেন। একপর্যায়ে তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
নাছিমার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আদালত সূত্রে জানা যায়, মৃত্যুর আগে নাছিমা একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন। এ ঘটনায় তাঁর স্বামী শওকত আলী, শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনার মা ছবিরন খাতুন ও ভাই শফিকুল ইসলামকে আসামি করে হত্যা মামলা করা হয়।
তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তী সময়ে মামলার নথি পর্যালোচনা, সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য তথ্য বিবেচনা করে আদালত শওকত আলী ও শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পাশাপাশি তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও তাঁর মা ছবিরন খাতুনকে খালাস দিয়েছেন আদালত।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
১০৬ বার পড়া হয়েছে