সর্বশেষ

শিক্ষা

ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়ার পরিকল্পনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণের পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষের বই ছাপা, বাঁধাই, মান যাচাই ও সরবরাহ কার্যক্রম এগিয়ে নিচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ কার্যক্রম সামনে রেখে জোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যে প্রাথমিক স্তরের প্রায় ৯৮ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৮৩ শতাংশ বই উপজেলা পর্যায়ের বিতরণকেন্দ্রে পৌঁছেছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব বই উপজেলায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে এনসিটিবি।

এনসিটিবির ২৩ নভেম্বরের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষে প্রাক্‌-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাক্‌-প্রাথমিক স্তরের বই ছাপা, বাঁধাই ও সরবরাহের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছাপা হচ্ছে ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বই। এসব বইয়ের মধ্যে ৯৮ দশমিক ৬৩ শতাংশের মুদ্রণ, ৯৮ দশমিক ৪৬ শতাংশের বাঁধাই এবং ৯৭ দশমিক ২৮ শতাংশের মান যাচাই বা পিডিআই সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছাপা হচ্ছে ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বই। এ পর্যন্ত এসব বইয়ের ৮৮ দশমিক ১৩ শতাংশ মুদ্রণ, ৮৬ দশমিক ১৮ শতাংশ বাঁধাই এবং ৮৩ দশমিক ২১ শতাংশের মান যাচাই শেষ হয়েছে।

মাধ্যমিক স্তরের মধ্যে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি বই ছাপানো হচ্ছে। এ শ্রেণির জন্য মোট ৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি বই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাপানো হচ্ছে ৯ হাজার ৪ কপি ব্রেইল বই।

এ ছাড়া ইবতেদায়ি স্তরের শিক্ষার্থীদের জন্য ছাপানো হচ্ছে ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বই। এ স্তরে মুদ্রণ, বাঁধাই ও মান যাচাইয়ের কাজ যথাক্রমে ৯৭ দশমিক ৩১ শতাংশ, ৯৪ দশমিক ২৭ শতাংশ এবং ৯৩ দশমিক ১ শতাংশ সম্পন্ন হয়েছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ১৬ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে এর আগে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের প্রয়োজন রয়েছে। এ কারণে ২৪ ডিসেম্বর ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিনই শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, এবার বড় পরিসরে কোনো অনুষ্ঠান আয়োজন করে বই উৎসব করার পরিকল্পনা নেই। অপ্রয়োজনীয় ব্যয় কমাতে বিদ্যালয়গুলোকে ফল প্রকাশের দিনই বই বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী পাঠ্যবই ছাপা ও সরবরাহের কাজ এগিয়ে চলছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দিতে মান যাচাই কার্যক্রমেও নজরদারি অব্যাহত রয়েছে।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০