শিবচরে সাংবাদিককে পিটিয়ে দুই পা ভাঙার অভিযোগ
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৯:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুরের শিবচরে দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি মামুনুর রহমান বাবুলকে তুলে নিয়ে আটকে রেখে রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন খানের বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। তবে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা শাহাদাৎ হোসেন খান।
আহত সাংবাদিক, তাঁর স্বজন ও সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে শিবচরে ফেরার পথে খানকান্দি স্কুলসংলগ্ন এলাকা থেকে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি মামুনুর রহমান বাবুলকে তুলে নিয়ে যান। পরে তাঁকে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন খানের বাসায় নিয়ে রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর দুই পা ভেঙে যায়।
সাংবাদিক বাবুলের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পর মাদারীপুর ও শিবচরে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আহত সাংবাদিক মামুনুর রহমান বাবুল বলেন, ‘শাহাদাৎ নিজেই আমাকে পিটিয়েছে। এ সময় অন্য যারা ছিল, তাদের আমি চিনতে পারিনি। আমি এ ঘটনার বিচার চাই। চিকিৎসার জন্য এখন ঢাকায় আছি। কিছুটা সুস্থ হয়ে শাহাদাতের বিরুদ্ধে মামলা করব।’
অন্যদিকে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন খান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, যেখান থেকে বাবুলকে তুলে নেওয়ার অভিযোগ করা হয়েছে, সেখানে তিনি যাননি। এমনকি ঘটনার সঙ্গেও তিনি জড়িত নন। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তদন্ত করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।
১০৯ বার পড়া হয়েছে