সাগরের নোনা জলে পূণ্যস্নান: দুবলার চরে সূর্যের আলোর কোলে রাস
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের কোলঘেঁষে বঙ্গোপসাগরের তীরে দুবলার চরের আলোর কোলে শুরু হয়েছে ঐতিহ্যবাহী রাস উৎসব ও পূণ্যস্নান। রাস পূর্ণিমা উপলক্ষে ভোরের আলো ফোটার পর থেকেই সাগরের নোনা জলে পূণ্যস্নান করতে সেখানে জড়ো হয়েছেন দেশ-বিদেশের হাজার হাজার মানুষ। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা, ভজন-কীর্তন আর প্রদীপের আলোয় উৎসবমুখর হয়ে উঠেছে পুরো এলাকা। বন বিভাগ জানিয়েছে, এবার উৎসবে ১০ হাজারের বেশি পূণ্যার্থীর সমাগম ঘটেছে।
সাগরের ঢেউয়ের সঙ্গে ভক্তদের প্রার্থনা, ঢাকের শব্দের সঙ্গে কাঁসর-ঘণ্টার ধ্বনি—সব মিলিয়ে সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী উৎসবের আবহ। রাস পূর্ণিমাকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী রাস উৎসব।
ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের সৈকতে বাড়তে থাকে পূণ্যার্থীদের ভিড়। সাগরের নোনা জলে পূণ্যস্নান শেষে ভক্তরা অংশ নেন রাধা-কৃষ্ণের পূজা-অর্চনায়। কেউ প্রার্থনায় মগ্ন, কেউ প্রদীপ ও মঙ্গলবাতি জ্বালিয়ে চরের বুকে ছড়িয়ে দিচ্ছেন আলোর আভা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা স্মরণে এবং পাপমোচন, আত্মশুদ্ধি ও বিশ্বশান্তির কামনায় রাস পূর্ণিমার তিথিতে এই পূণ্যস্নান করা হয়।
লোককথা ও স্থানীয় ইতিহাস অনুযায়ী, কয়েক শতাব্দী ধরে দুবলার চরে রাস উৎসব পালিত হয়ে আসছে। প্রায় কয়েক শতবর্ষ আগে হরিভজন নামের এক সাধু সুন্দরবনের এই চরে রাসপূজার সূচনা করেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই ধর্মীয় আয়োজন এখন পরিণত হয়েছে উপকূলীয় অঞ্চলের অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী মিলনমেলায়।
একসময় এই উৎসব নানা শ্রেণি-পেশার মানুষের মিলনস্থলে পরিণত হলেও গত দুই বছর ধরে শুধু হিন্দু ধর্মাবলম্বীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও ব্যতিক্রমী সৌন্দর্যও এই উৎসবের অন্যতম আকর্ষণ।
দূর-দূরান্ত থেকে আসা পূণ্যার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে আগেই নির্ধারিত নৌপথ ও রুট ঘোষণা করেছিল বন বিভাগ। লঞ্চ, ট্রলার ও অন্যান্য নৌযানে সুন্দরবনের নদী-খাল পেরিয়ে তাঁরা পৌঁছান দুবলার চরের আলোর কোলে। উৎসব উপলক্ষে চরে তৈরি করা হয়েছে অস্থায়ী মণ্ডপ। পাশাপাশি আলোকসজ্জা, ভজন-কীর্তন ও ধর্মীয় আয়োজন পুরো এলাকাকে দিয়েছে ভিন্ন এক আবহ।
এদিকে, ১০ হাজারের বেশি পূণ্যার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বন বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা উৎসবস্থল ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছেন। চরের প্রবেশপথ, ঘাট এবং সংলগ্ন জলসীমায় বাড়ানো হয়েছে সার্বক্ষণিক টহল। উৎসব চলাকালে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
ধর্মীয় আয়োজনের পাশাপাশি সুন্দরবনের পরিবেশ সংরক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্ব ঐতিহ্যের অংশ এই বনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পূণ্যার্থীদের নির্ধারিত নৌপথ ব্যবহার, বনের ভেতরে প্রবেশ না করা, প্লাস্টিক ও পলিথিন বর্জন এবং বন্যপ্রাণীদের বিরক্ত না করার নির্দেশনা দিয়েছে বন বিভাগ। এ নির্দেশনা বাস্তবায়নে বনরক্ষী ও স্বেচ্ছাসেবকেরা সার্বক্ষণিক নজরদারি করছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দুবলার চরের রাস উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য, উপকূলীয় সংস্কৃতি ও স্থানীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পূণ্যস্নান ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে পূণ্যার্থীরা নিরাপদে লোকালয়ে ফিরে যাবেন বলে আশা করছে প্রশাসন ও বন বিভাগ।
দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন বলেন, শতবর্ষী এই রাস উৎসব উপকূলীয় অঞ্চল ও সুন্দরবনের এক অনন্য ঐতিহ্য। প্রতিবছরের মতো এবারও ভোর থেকে হাজার হাজার পূণ্যার্থী শান্তিপূর্ণভাবে পূণ্যস্নান ও ধর্মীয় আচার পালন করছেন। বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই উৎসব চলছে। সংগঠনের পক্ষ থেকেও পূণ্যার্থীদের সার্বিক সহযোগিতা এবং সুন্দরবনের পরিবেশ রক্ষায় কাজ করা হচ্ছে।
বন বিভাগের দুবলা ইনচার্জ খলিলুর রহমান বলেন, দুবলার চরের আলোর কোলে রাস উৎসব ও পূণ্যস্নানে এবার ১০ হাজারের বেশি পূণ্যার্থীর সমাগম ঘটেছে। উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বন বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় নির্ধারিত পথ অনুসরণ, বনের ভেতরে প্রবেশ না করা এবং প্লাস্টিক ও পলিথিন বর্জনের বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে।
১২৬ বার পড়া হয়েছে