দিনাজপুরে বছরে ৪শ' কোটি টাকা বাড়তি আয়ের বাজার সিন্ডিকেটে বন্দি
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
উর্বর মাটি ও অনুকূল পরিবেশের কারণে দিনাজপুরে সবজি উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে। জেলার ১৩টি উপজেলার ১০৩টি ইউনিয়নে প্রচলিত পদ্ধতিতে সবজি চাষ করে বছরে প্রায় ৯৯২ কোটি টাকার উৎপাদনমূল্য অর্জন করছেন কৃষকেরা। তবে বাজার ব্যবস্থাপনার দুর্বলতা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, সার-বীজের সংকট ও আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহারের কারণে সেই সম্ভাবনার পুরো সুফল পাচ্ছেন না তাঁরা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) গবেষণা বলছে, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা গেলে জেলায় বছরে অতিরিক্ত ২৯১ কোটি ৬০ লাখ থেকে ৪৮৬ কোটি টাকা আয় করা সম্ভব।
দিনাজপুরের কৃষি অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি সবজি চাষ। জেলার ১৩টি উপজেলার ১০৩টি ইউনিয়নে কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন বিপুলসংখ্যক মানুষ। জেলায় মোট কৃষক পরিবারের সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ৭৫৬টি। এর মধ্যে ১ লাখ ৭৪ হাজার ২৭৯টি পরিবার প্রান্তিক কৃষক। তাঁদের বড় একটি অংশ সবজি উৎপাদনের সঙ্গে জড়িত।
প্রতিদিন ভোর হওয়ার আগেই মাঠ থেকে সদ্য তোলা সবজি নিয়ে বাজারের উদ্দেশে রওনা হন কৃষকেরা। কারও কাঁধে ঝুড়ি, কারও হাতে বস্তা, আবার কেউ ভ্যানে করে নিয়ে আসেন পেঁপে, ফুলকপি, বাঁধাকপি, শাকসহ নানা ধরনের সবজি। কিন্তু মাঠের সতেজ ফসল বাজারে পৌঁছানোর পর কৃষকের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। উৎপাদন খরচ, সার-বীজের দাম ও শ্রমিকের মজুরি বাড়লেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত দামে সবজি বিক্রি করতে পারছেন না তাঁরা।
প্রান্তিক কৃষক আজিজুলের অভিযোগ, বাজারে মধ্যস্বত্বভোগীদের প্রভাবের কারণে উৎপাদিত সবজির ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকেরা। তাঁর উৎপাদিত পেঁপে কেজিপ্রতি মাত্র ৬ থেকে ৭ টাকায় বিক্রি করতে হচ্ছে। অন্যান্য সবজির ক্ষেত্রেও বাজারের দর নির্ধারণ ও বিক্রির প্রক্রিয়ায় কৃষকদের স্বাধীনতা সীমিত। এর সঙ্গে সার ও বীজের সংকট এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চাষাবাদ করে প্রত্যাশিত লাভ হচ্ছে না।
অন্যদিকে, বাহাদুর বাজারে খুচরা পর্যায়ে সবজি বিক্রির চিত্রও ভিন্ন নয়। বাজারের সবজি বিক্রেতা জহুরুল ইসলাম জানান, বর্তমানে প্রতি কেজি পেঁপে ২৫ টাকা, ফুলকপি ৩৫ থেকে ৮০ টাকা এবং বরবটি ৮০ টাকা দরে বিক্রি করছেন। প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। পাইকারদের কাছ থেকে বেশি দামে সবজি কিনতে হওয়ায় খুচরা পর্যায়েও বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান তিনি। বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে প্রশাসনের বিশেষ নজরদারির দাবি জানান এই বিক্রেতা।
দিনাজপুর সদর উপজেলার কাউগা এলাকার শফিকুল হক পাড়া-মহল্লায় সবজি বিক্রি করেন। তাঁর ভাষ্য, কৃষকের কাছ থেকে কয়েক হাত ঘুরে সবজি তাঁদের কাছে পৌঁছায়। এ কারণে বেশি দামে সবজি কিনতে হয়। প্রতি কেজিতে দুই থেকে তিন টাকা লাভ রেখে তিনি পাড়া-মহল্লায় সবজি বিক্রি করেন। তবে দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা আগের তুলনায় কম সবজি কিনছেন। এতে বিক্রিও কমে গেছে।
বাজারে মধ্যস্বত্বভোগী চক্রের তৎপরতার অভিযোগও রয়েছে। বাজারে প্রকাশ্যেই ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ের দৃশ্য দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে ওই চক্রের এক সদস্য জানান, সমিতির নির্দেশে তাঁরা আটটি ভাগে বিভক্ত হয়ে সবজির বাজার থেকে টাকা তোলেন। এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণ, পণ্যের দাম নির্ধারণ এবং কৃষক থেকে ভোক্তা পর্যন্ত কয়েক ধাপে মূল্যবৃদ্ধির কারণ নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে দিনাজপুর বাহাদুর বাজার কাঁচামাল আড়তদার সমিতির নেতা ও মরিচ বিক্রেতা রফিকুল ইসলাম বাজারে সিন্ডিকেট থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু লোক রাখা হয়েছে। তাঁরা প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে কিছু টাকা নিয়ে থাকেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন জানান, প্রচলিত পদ্ধতিতে দিনাজপুরে বছরে প্রায় ৯৯২ কোটি টাকার সবজি উৎপাদিত হচ্ছে। আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রয়োগ করা গেলে উৎপাদন ও আয় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
বারির ২০২১ থেকে ২০২৩ সালের গবেষণার তথ্য অনুযায়ী, এই সম্ভাবনা কাজে লাগানো গেলে দিনাজপুরে বছরে অতিরিক্ত ২৯১ কোটি ৬০ লাখ থেকে ৪৮৬ কোটি টাকা আয় করা সম্ভব। এ লক্ষ্য অর্জনে আধুনিক কৃষিপ্রযুক্তির বিস্তার, কৃষকদের প্রশিক্ষণ, মানসম্মত বীজ ও সার সরবরাহ এবং উৎপাদন খরচ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগ। পাশাপাশি কৃষকের জন্য ন্যায্য বাজারব্যবস্থা নিশ্চিত করাও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কৃষি খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দিনাজপুরের সবজি উৎপাদনের এই সম্ভাবনা শুধু বাড়তি আয়ের সুযোগ নয়, বরং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করারও বড় মাধ্যম। বাজারের অনিয়ম ও মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে তাঁদের আর্থিক নিরাপত্তা বাড়বে। একই সঙ্গে জেলার সামগ্রিক কৃষি অর্থনীতিও নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।
১১৪ বার পড়া হয়েছে