ডি.লিট উপাধি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলা সিনেমার ‘ফাটাকেষ্ট’ ও বলিউডের ‘ডিস্কো ড্যান্সার’খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) উপাধি দিতে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়। আগামী ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।
দীর্ঘ পাঁচ দশকের অভিনয়জীবনে বাংলা ও হিন্দি সিনেমায় অসামান্য সাফল্য পেয়েছেন মিঠুন চক্রবর্তী। দুই ভাষার পাশাপাশি অন্যান্য ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের বাইরে রাজনীতিতেও সক্রিয় এই বর্ষীয়ান অভিনেতা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।
বর্ণাঢ্য অভিনয়জীবনের স্বীকৃতি হিসেবে ভারতের একাধিক রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন মিঠুন। ২০২৪ সালে তাঁকে দেওয়া হয় পদ্মভূষণ। এর আগে ২০২২ সালে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন তিনি।
এবার তাঁর অর্জনের তালিকায় যুক্ত হচ্ছে ডি.লিট উপাধি। বিজ্ঞান, কলা ও সৃজনশীল শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়। এটি একটি উচ্চতর একাডেমিক উপাধি।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৯ ডিসেম্বর। ওই অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকে ডি.লিট উপাধি দেওয়া হবে। একই আয়োজনে বিজ্ঞান ও গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে ডি.এসসি উপাধি পাবেন পশ্চিমবঙ্গের বিজ্ঞানী ও অধ্যাপক জি পার্থসারথি এবং ভূপেন্দ্রনাথ গোস্বামী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, বিশিষ্ট তিনজনকে সম্মাননা দেওয়ার প্রস্তাবে ইতিমধ্যে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আরএন রবি। গত ১৭ নভেম্বর রাজভবনের সচিবালয় থেকে উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
১৩০ বার পড়া হয়েছে