দৌলতপুরে রবি প্রণোদনা পাচ্ছেন ৫ হাজার ২৭০ কৃষক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৯:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে ৫ হাজার ২৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামীম রেজা মোল্লা। এ সময় উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবারের রবি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা চাষে ৪ হাজার ৩৭০ জন, চিনাবাদাম চাষে ৩১০ জন, মসুর চাষে ৪৭০ জন, খেসারি চাষে ৫০ জন এবং অড়হর চাষে ৭০ জন কৃষক সহায়তা পাবেন। সব মিলিয়ে এ কর্মসূচির আওতায় আসছেন ৫ হাজার ২৭০ জন কৃষক।
কর্মসূচির আওতায় ফসলভেদে কৃষকদের নির্ধারিত পরিমাণ বীজ, ডিএপি ও এমওপি সার দেওয়া হবে। এর মধ্যে সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষক পাবেন ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
এ ছাড়া চিনাবাদাম চাষের জন্য ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার; মসুর চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার; খেসারি চাষের জন্য ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং অড়হর চাষের জন্য ২ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।
কৃষি অফিস আরও জানিয়েছে, প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে চাষাবাদের জন্য এ প্রণোদনা পাবেন। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা এবং রবি মৌসুমে তেল, ডালসহ অন্যান্য ফসলের আবাদ বাড়ানো এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
১১৮ বার পড়া হয়েছে