দুই নারীর বিরুদ্ধে তানজিন তিশার মানহানির মামলা
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৯:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
দুই নারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা। গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে তিনি এ মামলা করেন। মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে পাঠানো হয়েছে।
অভিনেত্রী তানজিন তিশার দায়ের করা মানহানির মামলায় সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরাকে আসামি করা হয়েছে। মামলায় সানায়্যা আনাম ওয়াফিকাহকে এক নম্বর এবং ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরাকে দুই নম্বর আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তানজিন তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন। তিনি জানান, গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করা হয়। বর্তমানে মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে ন্যস্ত রয়েছে।
এদিকে মামলার বিষয়ে জানতে অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে যা বলার তাঁর আইনজীবীই বলবেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন ফাতেমা তুজ জোহরা। এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী।
১২৪ বার পড়া হয়েছে