বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মালয়েশিয়ার জোহর রাজ্যে আটক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ২৪৬ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে আকাশ, নৌ ও স্থলপথে তাঁদের প্রত্যাবাসন করা হয়।
মালয়েশিয়ার জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ অবৈধ অভিবাসনসংক্রান্ত কার্যক্রমের অংশ হিসেবে আটক বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বিভিন্ন দেশের মোট ২৪৬ জনকে প্রত্যাবাসন করা হয়েছে।
জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের অধীন নেনাস টাউন ইমিগ্রেশন ডিপোর মাধ্যমে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়।
ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৩০ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ৫২ জন বাংলাদেশি, ৩০ জন থাই, ১১ জন পাকিস্তানি, ৯ জন নেপালি, ৬ জন ভারতীয়, ৫ জন শ্রীলঙ্কান, ২ জন সিঙ্গাপুরের নাগরিক এবং ১ জন চীনা নাগরিক।
আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে পাঠাতে আকাশ, নৌ ও স্থলপথ ব্যবহার করা হয়েছে। এ জন্য কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২, স্টুলাং লাউত ফেরি টার্মিনাল, সুলতান ইস্কান্দার ভবন কমপ্লেক্স এবং ইমিগ্রেশন, কাস্টমস, কোয়ারেন্টাইন ও নিরাপত্তা কমপ্লেক্স (আইসিকিউএস) রান্তাউ পাঞ্জাংয়ের মতো প্রবেশ ও বহির্গমন পয়েন্ট ব্যবহার করা হয়।
প্রত্যাবাসনের জন্য বিমান, নৌযান ও অন্যান্য যাতায়াতের টিকিটের খরচ সংশ্লিষ্ট আটক ব্যক্তিদের ব্যক্তিগত সঞ্চয় অথবা পরিবারের সদস্যদের আর্থিক সহায়তায় বহন করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসও টিকিটের ব্যয় পরিশোধ করেছে।
জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, নেনাস টাউন ইমিগ্রেশন ডিপোর মাধ্যমে আটক বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হচ্ছে।
১২৬ বার পড়া হয়েছে