সুন্দরবনের দুবলার চরে রাশ উৎসবে অবৈধ অনুপ্রবেশ, আটক ১০৭
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে ঐতিহ্যবাহী রাশ উৎসবে অবৈধ পথে প্রবেশের চেষ্টার অভিযোগে ১০৭ জনকে আটক করেছে বন বিভাগ। ২২ ও ২৩ নভেম্বর রাতভর অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে বন আইনে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ আদায় করে ২৪ নভেম্বর সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রাশ উৎসব ও পুণ্যস্নান ঘিরে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় নির্ধারিত পথ ব্যবহার না করে গোপনে সুন্দরবনে প্রবেশের চেষ্টার অভিযোগে ১০৭ জনকে আটক করা হয়।
চাঁদপাই বন বিভাগ জানায়, প্রতিবছর বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলার চরের আলোর কোলে রাশ উৎসব ও পুণ্যস্নানের আয়োজন করা হয়। পুণ্যার্থীদের যাতায়াত সহজ করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের শৃঙ্খলা বজায় রাখতে এ বছর বন বিভাগের পক্ষ থেকে পাঁচটি নির্ধারিত প্রবেশপথ রাখা হয়েছিল।
তবে আটক ব্যক্তিরা নির্ধারিত পথ ব্যবহার না করে নিজেদের প্রকৃত নাম-পরিচয় গোপন রেখে অবৈধভাবে উৎসবস্থলে প্রবেশের চেষ্টা করেন। এ অভিযোগে গত ২২ ও ২৩ নভেম্বর রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ বছরের রাশ উৎসব ও পুণ্যস্নানে শুধু হিন্দু ধর্মাবলম্বীদের রাধা-কৃষ্ণের পূজা-অর্চনা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি ছিল। প্রশাসন ও বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, অন্য ধর্মাবলম্বীদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এসব নির্দেশনা ও বিধিনিষেধ অমান্য করে অবৈধ পথে সুন্দরবনে প্রবেশের চেষ্টা করায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, সুন্দরবনের নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রাশ উৎসবের শৃঙ্খলা বজায় রাখতে শুরু থেকেই বন বিভাগের নজরদারি ও টহল জোরদার করা হয়েছিল।
তিনি বলেন, উৎসব উপলক্ষে নির্ধারিত পাঁচটি পথ বাদ দিয়ে নিজেদের পরিচয় গোপন করে যাঁরা অবৈধভাবে দুবলার চরের আলোর কোলে প্রবেশের চেষ্টা করেছিলেন, রাতভর অভিযান চালিয়ে তাঁদের ১০৭ জনকে আটক করা হয়। পরে বন আইনে তাঁদের কাছ থেকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ আদায় করে ২৪ নভেম্বর সকালে ছেড়ে দেওয়া হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চল এবং ধর্মীয় উৎসবের পবিত্রতা রক্ষা করা বন বিভাগের দায়িত্ব। কোনো ধরনের অনিয়ম বা অবৈধ অনুপ্রবেশ সহ্য করা হবে না। এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, রাশ উৎসবকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে বন বিভাগের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন। এ বছর হিন্দু সম্প্রদায়ের ১০ হাজারের বেশি পুণ্যার্থী নির্ধারিত নিয়ম ও পথ অনুসরণ করে দুবলার চরের রাশ উৎসব ও পুণ্যস্নানে অংশ নেন।
১১৮ বার পড়া হয়েছে