নেতানিয়াহুর লিকুদ পার্টিকে জোট আলোচনায় আমন্ত্রণ
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ২:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসরায়েলে নতুন সরকার গঠনের লক্ষ্যে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টিকে জোট আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন গাদি আইজেনকোট। রোববার থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে এ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে জাতীয় ঐক্যের সরকার গঠন এবং কোন দলগুলোকে জোটে অন্তর্ভুক্ত করা হবে, তা নিয়ে রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে মতভেদ রয়েছে।
ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটের হাতে এ জন্য আগামী মাস পর্যন্ত সময় রয়েছে। শনিবার তাঁর দল ইয়াশার পার্টি জানিয়েছে, যতটা সম্ভব বিস্তৃত রাজনৈতিক ঐক্যের সরকার গঠনের লক্ষ্য নিয়ে রোববার থেকে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শুরু হবে।
তবে সরকার গঠনে অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোকে নাকি আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোকে অন্তর্ভুক্ত করা হবে, তা নিয়ে আইজেনকোটের শিবিরে মতপার্থক্য রয়েছে। একই সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে কি না, তা নিয়েও বিভক্তি রয়েছে।
সরকার গঠনের ক্ষেত্রে সব ধরনের সম্ভাবনা বিবেচনায় নিতে নিজের দলের আলোচক দলকে নির্দেশ দিয়েছেন আইজেনকোট। এরই অংশ হিসেবে নেতানিয়াহুর দল লিকুদ পার্টিকে আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ ব্লকের’ গুরুত্বপূর্ণ নেতা ও ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ‘জায়নবাদী ঐক্যের সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। শনিবার তিনি স্পষ্ট করে বলেন, তাঁর দল নেতানিয়াহু কিংবা লিকুদ পার্টির নেতৃত্বাধীন শিবিরের সঙ্গে কোনো জোটে অংশ নেবে না।
অন্যদিকে, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে জাতীয় ঐক্যের সরকার গঠনে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। ইয়াশার পার্টির কাছ থেকে আলোচনার আমন্ত্রণ পাওয়ার পর নিজেদের অবস্থান তুলে ধরেছে লিকুদ পার্টি।
দলটি আলোচনার শর্ত হিসেবে ব্যক্তিগত আক্রমণ ও উসকানিমূলক বক্তব্য বন্ধ করার পাশাপাশি নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে বয়কটের আহ্বান প্রত্যাহারের দাবি জানিয়েছে।
আইজেনকোটের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, তিনি লিকুদ পার্টির সদস্যদের নিয়ে সরকার গঠনে আগ্রহী হলেও সেই সরকারে নেতানিয়াহুকে নেতৃত্বে দেখতে চান না।
অন্যদিকে, লিকুদ পার্টি একটি যৌথ ঘোষণার মাধ্যমে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছে। দলটির দাবি, ইহুদি জনগণের জাতিরাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বকে সমর্থন করে—এমন সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠনের অঙ্গীকার থাকতে হবে। এ শর্ত অনুযায়ী, আরব দলগুলো ওই জোটে অন্তর্ভুক্ত হতে পারবে না।
১০৯ বার পড়া হয়েছে