হামের উপসর্গে এক দিনে ৯ জনের মৃত্যু
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। গত দুই মাসের মধ্যে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে চলতি বছরের ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৮ জন।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হাম পরিস্থিতিবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৪৭ জন। অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। সব মিলিয়ে নিশ্চিত হাম ও সন্দেহজনক হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬২ জন।
নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন, সিলেটে ১৮ জন এবং চট্টগ্রামে ১৫ জন রয়েছেন।
অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৩ জন, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনে। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ১৩৬।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮৭ জন।
বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৫৬০ জন। এরপর সিলেটে ২২২ জন, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ এবং রংপুরে ১৮ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, নিশ্চিত হামেও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে নিশ্চিত হামে মারা গেছেন ৬৮ জন। এ ছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজনের মৃত্যু হয়েছে।
১৩৭ বার পড়া হয়েছে