পাবনায় নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, রূপপুরের কর্মীসহ আটক ২
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে একটি নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার দিনব্যাপী পরিচালিত এক অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিষাক্ত মদ ও তৈরির সরঞ্জাম। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রূপপুর প্রকল্পের এক কর্মীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী ‘খ’ সার্কেলের একটি অভিযান দল রূপপুর নতুনহাট এলাকার একটি তিনতলা ভবনে এই ঝটিকা অভিযান পরিচালনা করে। ওই ভবনের গোপন আস্তানা থেকে প্রায় ১০০ লিটার প্রস্তুতকৃত মদজাতীয় তরল এবং প্রায় ২ হাজার লিটার মদ তৈরির কাঁচামাল বা ‘জাওয়া’ উদ্ধার করা হয়।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন ওই ভবনের মালিক উজ্জ্বল হোসেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎপ্রকল্পের কর্মী জাভেফ জাফর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘ দিন ধরে একটি চক্র প্রশাসনের নজর এড়িয়ে এখানে বিষাক্ত নকল বিদেশি মদ তৈরি করে আসছিল।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, বিষাক্ত এই নকল মদ মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎপ্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের কাছে গোপনে সরবরাহ করা হতো। এই চক্রের পেছনে অন্য কোনো শক্তিশালী সিন্ডিকেট জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
১১২ বার পড়া হয়েছে