চীনে রোনালদোর ২৩ ফুট উচ্চতার ভাস্কর্য উন্মোচন
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি সম্মান জানিয়ে চীনের সাংহাইয়ে উন্মোচন করা হয়েছে ৭ মিটার বা প্রায় ২৩ ফুট উঁচু একটি বিশাল ভাস্কর্য। শনিবার উন্মোচিত ভাস্কর্যটিতে রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদযাপনের ভঙ্গি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সাংহাইয়ে উদ্বোধন করা হয়েছে তাঁর ক্যারিয়ার নিয়ে তৈরি বিশেষ জাদুঘর।
ফুটবল মাঠে রোনালদোর জনপ্রিয়তার আরেকটি দৃষ্টান্ত তৈরি হয়েছে চীনে। সাংহাইয়ের ব্যস্ত ইস্ট নানজিং রোডে নতুন ‘সিআর সেভেন’ জাদুঘরের বাইরে স্থাপন করা হয়েছে পর্তুগিজ এই তারকার বিশাল ভাস্কর্য। ৭ মিটার উঁচু ভাস্কর্যটিতে ৪১ বছর বয়সী রোনালদোকে পর্তুগালের ঐতিহ্যবাহী ৭ নম্বর জার্সি পরা অবস্থায় তাঁর পরিচিত ‘সিউ’ উদযাপনের ভঙ্গিতে দেখা যাচ্ছে।
ভাস্কর্য উন্মোচনের অনুষ্ঠান ঘিরে সেখানে জড়ো হন অসংখ্য রোনালদো-ভক্ত। বিশেষ এই আয়োজনে নিজে উপস্থিত থাকতে পারেননি রোনালদো। তবে অনুষ্ঠানে অংশ নেন তাঁর বড় ভাই হুগো অ্যাভেইরো ও ঘনিষ্ঠ বন্ধু মিগেল পাইশাও। তাঁরা ভক্তদের সঙ্গে রোনালদোর বিখ্যাত উদযাপনের ভঙ্গিও অনুকরণ করেন।
ভাস্কর্য উন্মোচনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, প্রিয় তারকার প্রতি ভালোবাসা জানাতে সমর্থকেরা একসঙ্গে ‘সিউ’ স্লোগান দিচ্ছেন।
রোনালদোর স্মৃতি নিয়ে বিশাল জাদুঘর
সাংহাইয়ে ‘সিআর সেভেন’ জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ভাস্কর্যটি উন্মোচন করা হয়। প্রায় ৩ হাজার বর্গমিটার জায়গাজুড়ে তৈরি জাদুঘরটিতে রয়েছে ১০টি আলাদা থিমভিত্তিক প্রদর্শনী বিভাগ। সেখানে রোনালদোর বর্ণাঢ্য ফুটবলজীবনের স্মারক হিসেবে রাখা হয়েছে ৪০টির বেশি ট্রফি, জার্সি, বুটসহ বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী।
জাদুঘরে শুধু তাঁর ফুটবলজীবনের সাফল্যই নয়, শৈশবের স্মৃতিও তুলে ধরা হয়েছে। পর্তুগালের মাদেইরায় কাটানো ছোটবেলার শোবার ঘরের আদলে তৈরি করা হয়েছে একটি বিশেষ অংশ। এর মাধ্যমে দর্শনার্থীরা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হয়ে ওঠার আগের রোনালদোর জীবন সম্পর্কেও ধারণা পাবেন।
এ ছাড়া দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বিভিন্ন অংশগ্রহণমূলক আয়োজন। এসব আয়োজনের মাধ্যমে ভক্তরা রোনালদোর ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন। পাশাপাশি তাঁর বিখ্যাত ‘সিউ’ উদযাপনের ভঙ্গিও অনুকরণ করার সুযোগ থাকবে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিশাল ভাস্কর্যটি ২০২৬ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত প্রদর্শিত হবে। অন্যদিকে জাদুঘরটি এক বছর দর্শনার্থীদের জন্য খোলা রাখার পরিকল্পনা রয়েছে।
হাজার গোলের মাইলফলক থেকে ১৪ গোল দূরে
চীনে ভাস্কর্য উন্মোচনের আগের দিনই সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে মাঠে নেমেছিলেন রোনালদো। শুক্রবার জেদ্দায় আল আহলির বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এই গোলের মধ্য দিয়ে তাঁর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯৮৬-তে। ফলে ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে এখন তাঁর প্রয়োজন আর মাত্র ১৪টি গোল।
তবে গোল করার পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ম্যাচে পেনাল্টি পেয়ে স্পট কিক নিতে এগিয়ে যান তিনি। কিন্তু তাঁর নেওয়া শট গোলপোস্টে লেগে ফিরে আসে। ফলে ব্যক্তিগত গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছালেও পেনাল্টি মিসের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
১৪৪ বার পড়া হয়েছে