মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ৩
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৯:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টার পর লাঠি, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ভবনটিতে হামলা চালায়। হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তবে কাচের দরজা থাকায় তাঁরা ভেতরে ঢুকতে পারেননি বলে দাবি করেছেন কার্যালয়ের কর্মকর্তারা।
ঘটনাস্থলে গিয়ে ভবনের সামনের কাচের দেয়াল ভাঙা অবস্থায় দেখা যায়। এ ছাড়া লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশও ভাঙচুর করা হয়েছে। হামলার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান নেন।
শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হামলার বিষয়ে তাঁরা সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। হামলার সময় তাঁরাও ওই ভবনে ছিলেন।
মামুন পাটোয়ারী বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ ও শতাধিক নারী এসে কার্যালয়ে হামলা চালান। এ সময় তাঁরা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ভবনের ভেতরে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাঁরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।
তিনি আরও অভিযোগ করেন, হামলার বিষয়ে পুলিশকে জানানো হলেও অধিকাংশ ভাঙচুরের ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
মামুন পাটোয়ারীর দাবি, হামলার মূল লক্ষ্য ছিলেন শফিকুল ইসলাম খান মিল্টন। ভবনের অন্যান্য স্থাপনার তুলনায় তাঁর কার্যালয়েই বেশি ভাঙচুর চালানো হয়েছে। এমনকি ভবনে থাকা মিল্টনের ছবিও ভাঙচুর করা হয়েছে।
সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনার কারণে এ হামলা হয়ে থাকতে পারে বলে মনে করছেন মামুন পাটোয়ারী।
হামলার পর ভবনটি ঘিরে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন। তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে জানা গেছে।
১০৫ বার পড়া হয়েছে