গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, বোমাসদৃশ বস্তু উদ্ধার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৯:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। এর আগে কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি নিষ্ক্রিয় করে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় শ্রমিক আন্দোলন চলছিল। আন্দোলনের খবর পেয়ে সেখানে যাচ্ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
পথে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির পাশে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে পুলিশের গাড়িটির গতিরোধ করেন। পরে তাঁরা গাড়িটি ভাঙচুর করেন এবং একপর্যায়ে তাতে আগুন ধরিয়ে দেন।
গাড়িটি ব্যবহার করতেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি অপরাধ-দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্বে এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপপুলিশ কমিশনারের দায়িত্বেও রয়েছেন।
অগ্নিসংযোগের খবর পেয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হিরণ মিয়া এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের। দুর্বৃত্তরা সেটিতে অগ্নিসংযোগ করেছে।
এদিকে, এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বোমাসদৃশ একটি লাল বস্তু পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বস্তুটি দেখতে অনেকটা বোমা বা ককটেলের মতো। এর বাইরের অংশ লাল রঙের বাটির মতো এবং সেখান থেকে তার বের করা ছিল। লাল বাটির ওপর ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা ছিল। এর নিচে লেখা ছিল ‘এমকে ডট’।
বস্তুটি দেখতে আশপাশের লোকজন ফুটপাতে ভিড় করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং সেটি পরীক্ষা করার জন্য বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেয়। পরে দলটি বস্তুটি নিষ্ক্রিয় করে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
১০৬ বার পড়া হয়েছে