মাসের মাঝেই পকেট ফাঁকা? সঞ্চয়ের ১০ সহজ কৌশল
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১১:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
মাসের শুরুতে বেতন বা আয় হাতে এলেও মাঝামাঝি সময়ে অনেকের পকেট ফাঁকা হয়ে যায়। প্রয়োজনীয় খরচের পাশাপাশি ছোট ছোট অপ্রয়োজনীয় ব্যয়ও এর অন্যতম কারণ। ফলে মাস শেষে সঞ্চয়ের জন্য আর টাকা অবশিষ্ট থাকে না। তবে কিছু পরিকল্পিত অভ্যাস গড়ে তুললে সীমিত আয় থেকেও নিয়মিত টাকা জমানো সম্ভব। নিজের খরচের হিসাব রাখা, বাজেট তৈরি, ঋণ কমানো এবং সঞ্চয় স্বয়ংক্রিয় করার মতো ১০টি কৌশল অনুসরণ করে শুরু করা যেতে পারে সঞ্চয়ের অভ্যাস।
১. প্রতিদিনের খরচের হিসাব রাখুন
সঞ্চয় শুরু করার প্রথম ধাপ হলো নিজের আয় ও ব্যয়ের হিসাব জানা। প্রতিদিন কোথায় কত টাকা খরচ হচ্ছে, তা নোটবুক বা মুঠোফোনের স্প্রেডশিটে লিখে রাখুন। মাস শেষে হিসাব পর্যালোচনা করলে কোন খাতে বেশি টাকা ব্যয় হচ্ছে, তা সহজেই বোঝা যাবে।
বিশেষ করে বাইরে খাওয়াদাওয়া, অনলাইনে কেনাকাটা কিংবা অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশনের পেছনে কত টাকা যাচ্ছে, তা চিহ্নিত করুন। প্রয়োজন অনুযায়ী এসব খরচ কমিয়ে বাজেটে পরিবর্তন আনুন।
২. সঞ্চয়ের নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন
কোনো লক্ষ্য ছাড়া টাকা জমাতে গেলে একপর্যায়ে আগ্রহ কমে যেতে পারে। তাই সঞ্চয়ের আগে ঠিক করুন, কী উদ্দেশ্যে টাকা জমাচ্ছেন।
সঞ্চয়ের লক্ষ্যকে তিন ভাগে ভাগ করা যেতে পারে—স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি। স্বল্পমেয়াদি লক্ষ্য হতে পারে জরুরি চিকিৎসা বা ভ্রমণের খরচ। মধ্যমেয়াদি লক্ষ্য হতে পারে বাড়ি কেনা কিংবা ব্যবসা শুরু করা। আর দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে থাকতে পারে অবসরজীবনের সঞ্চয় বা সন্তানের উচ্চশিক্ষার খরচ।
জরুরি প্রয়োজনে অন্তত তিন থেকে ছয় মাসের প্রয়োজনীয় ব্যয়ের সমপরিমাণ অর্থ আলাদা রাখার পরিকল্পনা করুন। বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করলে সঞ্চয়ের অগ্রগতি বোঝা সহজ হয়।
৩. আয়ের নির্দিষ্ট অংশ সঞ্চয় করুন
প্রতি মাসে আয়ের কত অংশ জমাবেন, তা আগে থেকেই নির্ধারণ করা দরকার। সাধারণভাবে আয়ের ১০ থেকে ২০ শতাংশ সঞ্চয়ের পরামর্শ দেওয়া হয়। তবে আয় ও জীবনযাত্রার ব্যয়ের ওপর নির্ভর করে এই হার কমবেশি হতে পারে।
এ ক্ষেত্রে ‘৫০/৩০/২০’ নিয়ম অনুসরণ করা যেতে পারে। এই পদ্ধতিতে আয়ের ৫০ শতাংশ বাসাভাড়া, বিল ও নিত্যপ্রয়োজনীয় খরচে, ৩০ শতাংশ ব্যক্তিগত পছন্দ ও বিনোদনে এবং বাকি ২০ শতাংশ সঞ্চয় বা বিনিয়োগে রাখার কথা বলা হয়।
শুরুতেই ২০ শতাংশ সঞ্চয় করা কঠিন হলে অল্প পরিমাণ দিয়ে শুরু করুন। নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৪. বাস্তবসম্মত মাসিক বাজেট তৈরি করুন
মাস শেষে যা টাকা থাকবে, তা সঞ্চয় করবেন—এমন চিন্তা থেকে বেরিয়ে আসুন। বরং মাসের শুরুতেই সঞ্চয়ের জন্য নির্দিষ্ট অর্থ আলাদা রাখুন। বাসাভাড়া বা বিদ্যুৎ বিলের মতো সঞ্চয়কেও নিয়মিত ব্যয়ের অংশ হিসেবে বিবেচনা করুন।
প্রয়োজনীয় খরচ, ব্যক্তিগত ব্যয় এবং সঞ্চয়ের জন্য আলাদা বরাদ্দ রাখুন। চাইলে ‘জিরো-বেসড বাজেট’ পদ্ধতি অনুসরণ করতে পারেন। এ পদ্ধতিতে মাসের শুরুতেই আয়ের প্রতিটি টাকার জন্য নির্দিষ্ট খাত ঠিক করা হয়।
এ ছাড়া সপ্তাহে কয়েক দিন বাসা থেকে দুপুরের খাবার নিয়ে গেলে বাইরে খাওয়ার খরচ কমানো সম্ভব।
৫. দৈনন্দিন অপ্রয়োজনীয় খরচ কমান
খরচ কমানোর অর্থ হলো আয়ের একটি অংশ সঞ্চয়ের জন্য বাঁচিয়ে রাখা। খাবারের খরচ নিয়ন্ত্রণে রাখতে সপ্তাহের শুরুতেই খাবারের তালিকা তৈরি করে বাজার করতে পারেন। এতে বাইরে থেকে খাবার অর্ডার দেওয়া কিংবা প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনার প্রবণতা কমবে।
মোবাইল বিল, ইন্টারনেট এবং বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশনও নিয়মিত পর্যালোচনা করুন। যেসব সেবা ব্যবহার করছেন না, সেগুলোর খরচ বন্ধ করে দিন।
হঠাৎ কোনো দামি জিনিস কেনার ইচ্ছা হলে ‘৩০ দিনের নিয়ম’ অনুসরণ করতে পারেন। অর্থাৎ কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে ৩০ দিন অপেক্ষা করুন। এতে আবেগের বশে অপ্রয়োজনীয় কেনাকাটা কমতে পারে।
৬. উচ্চ সুদের ঋণ দ্রুত পরিশোধ করুন
সঞ্চয়ের পাশাপাশি ঋণের বোঝা কমানোও জরুরি। বিশেষ করে ক্রেডিট কার্ডের বকেয়া বা উচ্চ সুদের ব্যক্তিগত ঋণ নিয়মিত সঞ্চয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
ঋণ পরিশোধে ‘স্নোবল’ পদ্ধতি অনুসরণ করা যায়। এ ক্ষেত্রে প্রথমে সবচেয়ে ছোট ঋণটি পরিশোধ করে ধীরে ধীরে বড় ঋণের দিকে এগোনো হয়। অন্যদিকে ‘অ্যাভালাঞ্চ’ পদ্ধতিতে সবচেয়ে বেশি সুদের ঋণটি আগে পরিশোধ করা হয়।
নিজের আর্থিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত পদ্ধতি বেছে নিন। ঋণের সুদের হার কমানোর সুযোগ থাকলে পুনর্বিন্যাসের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।
৭. সঞ্চয়ের প্রক্রিয়া স্বয়ংক্রিয় করুন
নিয়মিত টাকা জমানোর একটি কার্যকর উপায় হলো বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে সঞ্চয়ের অর্থ আলাদা করে রাখা। এ জন্য ব্যাংকে স্বয়ংক্রিয় অর্থ স্থানান্তরের ব্যবস্থা করতে পারেন। এতে বেতন জমা হওয়ার দিনেই নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় বা বিনিয়োগের হিসাবে চলে যাবে।
এ পদ্ধতিকে বলা হয় ‘আগে নিজেকে পরিশোধ করা’। অর্থাৎ অন্যান্য খরচ করার আগেই সঞ্চয়ের টাকা সরিয়ে রাখা। চাকরিজীবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড বা অবসরকালীন তহবিলে বেতন থেকে নির্দিষ্ট অর্থ জমা দেওয়ার সুযোগ থাকলে সেটিও কাজে লাগানো যেতে পারে।
৮. স্বল্পমেয়াদি সঞ্চয়ের জন্য উপযুক্ত মাধ্যম বেছে নিন
শুধু টাকা জমিয়ে রাখলেই হবে না, কোথায় রাখছেন সেটিও গুরুত্বপূর্ণ। আগামী এক বছরের মধ্যে প্রয়োজন হতে পারে—এমন অর্থ সহজে তোলা যায় এবং তুলনামূলক ভালো মুনাফা পাওয়া যায়, এমন জায়গায় রাখার পরিকল্পনা করুন।
এ জন্য উচ্চ মুনাফার সঞ্চয়ী হিসাব, নগদ ব্যবস্থাপনা হিসাব বা মেয়াদি আমানতের মতো মাধ্যম বিবেচনা করা যেতে পারে। তবে মেয়াদপূর্তির আগে মেয়াদি আমানত ভাঙলে জরিমানা বা মুনাফা কম পাওয়ার শর্ত থাকতে পারে। তাই টাকা রাখার আগে নিয়মগুলো জেনে নেওয়া জরুরি।
ভ্রমণ, জরুরি প্রয়োজন এবং অন্যান্য লক্ষ্যের জন্য আলাদা হিসাব রাখলে সঞ্চয়ের হিসাবও সহজ হয়।
৯. দীর্ঘমেয়াদি সঞ্চয় ও বিনিয়োগের পরিকল্পনা করুন
দীর্ঘমেয়াদে টাকার ক্রয়ক্ষমতা ধরে রাখতে শুধু নগদ অর্থ জমিয়ে রাখা যথেষ্ট নাও হতে পারে। এ জন্য নিজের লক্ষ্য, সময়সীমা ও ঝুঁকি নেওয়ার সামর্থ্য অনুযায়ী বিনিয়োগের পরিকল্পনা করা প্রয়োজন।
শেয়ারবাজার, বন্ড, ইনডেক্স ফান্ড বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের মতো বিনিয়োগের মাধ্যম বিবেচনা করা যেতে পারে। তবে প্রতিটি বিনিয়োগের ঝুঁকি ও সম্ভাব্য মুনাফা সম্পর্কে আগে জেনে নেওয়া উচিত। এক জায়গায় সব অর্থ বিনিয়োগ না করে বিভিন্ন খাতে ভাগ করে রাখলে ঝুঁকি নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যায়।
অবসরজীবন কিংবা সন্তানের উচ্চশিক্ষার মতো দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে আগেভাগে পরিকল্পনা শুরু করাও গুরুত্বপূর্ণ।
১০. জরুরি প্রয়োজনে সহজে তোলা যায় এমন অর্থ রাখুন
দীর্ঘমেয়াদি বিনিয়োগের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবহার করা যায়, এমন অর্থও হাতে রাখা দরকার। অসুস্থতা, চাকরি হারানো বা হঠাৎ বড় কোনো খরচের সময় এই অর্থ কাজে আসতে পারে।
মানি মার্কেট ফান্ড বা স্বল্পমেয়াদি আমানতের মতো মাধ্যম বিবেচনা করা যেতে পারে। তবে টাকা তোলার নিয়ম, সময় এবং সম্ভাব্য মুনাফা সম্পর্কে আগে নিশ্চিত হতে হবে।
সব মিলিয়ে সঞ্চয়ের জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন নেই। নিয়মিত খরচের হিসাব রাখা, পরিকল্পনা অনুযায়ী বাজেট করা এবং আয়ের একটি অংশ শুরু থেকেই আলাদা করে রাখার অভ্যাসই ধীরে ধীরে আর্থিক নিরাপত্তা গড়ে তুলতে পারে।
১৫৯ বার পড়া হয়েছে