সর্বশেষ

জাতীয়

অধিবেশন বিরতিতে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, স্কুল-কলেজে কারিগরি শিক্ষা চালু করা হচ্ছে। নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য এ শিক্ষা বাধ্যতামূলক করা হবে।

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনা নয়, পাশাপাশি খেলাধুলা, ভাষা শিক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের মানসিকতাও গড়ে তুলতে হবে। এসব গুণের সমন্বয়েই ভবিষ্যতে শিক্ষার্থীরা দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হয়ে উঠতে পারবে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে স্কুল-কলেজগুলোতে কারিগরি শিক্ষা চালু করা হচ্ছে। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা গ্রহণ করতে হবে।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসেও শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে। সেখানে ছয় থেকে সাতটি খেলা থাকবে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।

ভাষা শিক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ছয় থেকে সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। এসব ভাষার মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।

এ সময় ঢাকাকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, খেলাধুলা এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন।

বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করে তারেক রহমান বলেন, আপনজনদের জন্মদিনে তাদের গাছ উপহার দেওয়া যেতে পারে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো থাকবে। পরিবেশ ভালো হলে তার সুফল সবাই পাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হতে হবে। পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা তৈরি করা প্রয়োজন।

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ ছাড়া রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন।

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে তাঁরা সংসদ ভবনের লাইব্রেরি পরিদর্শন করেন এবং উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এসব তথ্য জানান।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০