ফল আমদানিতে কমানো শুল্ক কতদিন পর্যন্ত কার্যকর থাকবে
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৩:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে ফলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং আমদানি ব্যয় কমাতে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে মাল্টা ও আপেলের আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
রোববার মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, খেজুর আমদানিতে কমানো শুল্ক আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। অন্যদিকে মাল্টা ও আপেল আমদানিতে হ্রাস করা করহার কার্যকর থাকবে ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে একই বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে গত ১৪ অক্টোবর জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হলো।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসের পরিবর্তে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস পর ভ্যাটের দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছিল। নতুন বিধান অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার নিয়ম করা হয়।
তবে এ পরিবর্তনের কারণে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হয়। এ পরিস্থিতিতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজন দেখা দেয়।
সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন।
এখন জাতীয় সংসদের চলতি অধিবেশনে অধ্যাদেশটি আইনে রূপান্তরের লক্ষ্যে সংশোধন আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটি চূড়ান্ত করা হয়েছে।
১০৪ বার পড়া হয়েছে