মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, গ্রেপ্তার ২
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৩:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মিরপুরে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
মিরপুর-১ এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে যাত্রী নামানোর জন্য রাজধানী পরিবহনের বাসটি স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়।
তিনি আরও জানান, বাসে থাকা যাত্রী, চালক ও তাঁর সহকারী নিরাপদে নেমে আসতে সক্ষম হন। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে পালিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
১০৪ বার পড়া হয়েছে