সর্বশেষ

জাতীয়

খেলাপি ঋণ ছাড়াল ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে প্রায় ৬ লাখ কোটি টাকায় পৌঁছেছে। ২০২৬ সালের সেপ্টেম্বর প্রান্তিক শেষে তফসিলি ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই এখন খেলাপি। গত পাঁচ বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, এ সময়ে খেলাপি ঋণের পরিমাণ ও হার দুটিই উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে তিনি খেলাপি ঋণের এই চিত্র তুলে ধরেন।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা। ওই সময়ে ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ ছিল খেলাপি।

পরবর্তী বছরগুলোতে খেলাপি ঋণের হার ক্রমাগত বেড়েছে। ২০২৩ সালে এ হার ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ। ২০২৪ সালে ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়ায় ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশ।

২০২৫ সালে পরিস্থিতির আরও অবনতি হয়। ওই বছর ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা। মোট ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ ছিল খেলাপি।

সর্বশেষ ২০২৬ সালের সেপ্টেম্বর প্রান্তিকের হিসাবে ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।

অর্থাৎ, ২০২২ সালের তুলনায় ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ কয়েক গুণ বেড়েছে। ব্যাংকিং খাতে খেলাপি ঋণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের আর্থিক খাত ও সামগ্রিক অর্থনীতির জন্য বড় উদ্বেগ তৈরি করেছে।

এদিকে ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন আইনি ও প্রশাসনিক উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স এ বিষয়ে কাজ করছে। সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্জিত সম্পদের বিবরণী অনুসন্ধান এবং বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার সহযোগিতা নেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী আরও জানান, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি প্রতিরোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া অর্থ পাচার বন্ধ এবং বিদেশে পাচার করা সম্পদ দেশে ফিরিয়ে আনতে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ (এমএলএআর) পাঠানোর উদ্যোগসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০