সাত সন্তানকে উচ্চশিক্ষিত করে অনন্য দৃষ্টান্ত সখিনা খাতুনের
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি নিজে। জীবনের শুরুতেই হারিয়েছেন স্বামীকে। সংসারে ছিল অভাব-অনটন, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ছিল অনিশ্চয়তা। কিন্তু কোনো প্রতিকূলতাই তাঁকে দমাতে পারেনি। নিজের কষ্ট ও ত্যাগের বিনিময়ে সাত সন্তানকে উচ্চশিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত করেছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামের সখিনা খাতুন। তাঁর সন্তানদের কেউ অধ্যাপক, কেউ শিক্ষক, কেউ সরকারি কর্মকর্তা, আবার কেউ প্রকৌশলী। একজন মায়ের অদম্য ইচ্ছাশক্তি ও শিক্ষার প্রতি বিশ্বাসের অনন্য উদাহরণ হয়ে উঠেছে তাঁর জীবনসংগ্রাম।
কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রত্যন্ত গ্রাম আমবাড়িয়া। এই গ্রামেরই এক সাধারণ নারী সখিনা খাতুন। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পেলেও সন্তানদের শিক্ষিত করার স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্ন পূরণে জীবনের প্রতিটি ধাপে লড়াই করেছেন। স্বামীকে হারানোর পর একা হাতে সাত সন্তানকে বড় করে তোলার পাশাপাশি তাদের উচ্চশিক্ষিত করার কঠিন দায়িত্বও পালন করেছেন।
খুব অল্প বয়সেই স্বামী আব্দুর রাজ্জাক খানকে হারান সখিনা খাতুন। তখন তাঁর সন্তানরা ছিল ছোট। বড় ছেলে পড়তেন একাদশ শ্রেণিতে। স্বামীর মৃত্যুর পর সংসারে নেমে আসে চরম অভাব-অনটন। একদিকে সন্তানদের লালন-পালন, অন্যদিকে সংসারের খরচ চালানো—সব দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে।
তবে কঠিন পরিস্থিতিতেও সন্তানদের লেখাপড়া বন্ধ হতে দেননি তিনি। নিজের কষ্টকে আড়াল করে বিভিন্ন ধরনের কাজ করে সংসার চালিয়েছেন। অনেক সময় নিজে না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছেন। নিজে নিরক্ষর হলেও শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেছিলেন গভীরভাবে। তাঁর বিশ্বাস ছিল, শিক্ষাই সন্তানদের জীবনে পরিবর্তন আনতে পারে।
সেই বিশ্বাস ও নিরলস পরিশ্রমের ফল পেয়েছেন তিনি। একে একে সাত সন্তানই উচ্চশিক্ষা অর্জন করে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। বর্তমানে তাঁরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন।
সখিনা খাতুনের জ্যেষ্ঠ সন্তান ড. মো. আব্দুল কুদ্দুস খান কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দ্বিতীয় সন্তান আবু বকর সিদ্দিক খান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) কর্মরত রয়েছেন।
তৃতীয় সন্তান মমতাজ বেগম রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
চতুর্থ সন্তান ড. মো. সিরাজুল ইসলাম খান শিক্ষাজীবনে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে জাপান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এশিয়া মহাদেশের মধ্যে রেকর্ড নম্বর অর্জনের গৌরবও রয়েছে তাঁর। বর্তমানে তিনি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে কর্মরত। পাশাপাশি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিশেষজ্ঞ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পঞ্চম সন্তান মো. তরিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ২৯তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে নিয়োগ পান। বর্তমানে তিনি পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
ষষ্ঠ সন্তান মর্জিনা খাতুন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সর্বকনিষ্ঠ সন্তান মো. আরিফুল ইসলাম খান নয়ন পেশায় একজন বস্ত্র প্রকৌশলী।
সাধারণত শহরাঞ্চল কিংবা সচ্ছল পরিবারের সন্তানদের সাফল্যের গল্প বেশি আলোচনায় আসে। কিন্তু প্রত্যন্ত গ্রামের একজন নিরক্ষর মায়ের এমন জীবনসংগ্রাম ও সন্তানদের প্রতিষ্ঠিত করার কাহিনি সমাজের জন্য বিশেষ তাৎপর্য বহন করে।
সখিনা খাতুনের জীবন প্রমাণ করে, সন্তানদের ভবিষ্যৎ গড়তে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রয়োজন দূরদৃষ্টি, আত্মত্যাগ, দৃঢ় মনোবল ও শিক্ষার প্রতি গভীর বিশ্বাস। স্বামীহারা অবস্থায় সীমিত সামর্থ্য নিয়েও সাত সন্তানকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন এক অনন্য রত্নগর্ভা জননী।
তাঁর এই সংগ্রাম শুধু পরিবারের সাফল্যের গল্প নয়, বরং নতুন প্রজন্ম ও সমাজের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত।
১২৭ বার পড়া হয়েছে