সর্বশেষ

সারাদেশ

রাতারগুলের রিসোর্টে পুলিশের অভিযান, আটক ৪

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক সংসদ সদস্য রণজিত সরকারের রাজনৈতিক সভাকে কেন্দ্র করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে অবস্থিত আলোচিত সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় দুই কর্মীসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৭৫ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) ভোররাত ৩টার দিকে রাতারগুলে অবস্থিত সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মন্ডল।

অভিযান শেষে রিসোর্টটি বন্ধ করে তালা লাগিয়ে দেওয়া হয়। পরে সেটি গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, রিসোর্টের মালিক সোহেল আহমদ রিসোর্ট ছেড়ে আত্মগোপনে থাকায় সেটি তালাবদ্ধ করা হয়েছে। অভিযানে রিসোর্টের দুই কর্মীসহ মোট চারজনকে আটক করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে। তবে এজাহারে নাম থাকা ব্যক্তিদের পরিচয় এবং আটক চারজনের বিস্তারিত তথ্য জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, রাতারগুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে এক আইনজীবী রাতারগুলের সোহেল স্কয়ার-ইকো রিসোর্টটি ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে হঠাৎ সেখানে উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রণজিত সরকার।

এ সময় তিনি রিসোর্টে দলীয় ব্যানার টাঙিয়ে কয়েক মিনিট বক্তব্য দেন। পরে ওই সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভিডিওর সূত্র ধরে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেলা পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই সভায় বক্তব্য দেওয়ার ভিডিও প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য রণজিত সরকার।

এদিকে, ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর সোমবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট মহানগরীর গোপালটিলায় রণজিত সরকারের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০