গত পাঁচ বছরে পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ জন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে আহত হয়েছেন ৪৯০ জন। এ ছাড়া অপহরণ, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র ব্যবহারের অসংখ্য ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। এ সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ৯৭টি হামলার ঘটনা ঘটেছে। পাহাড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে দেওয়া এক প্রশ্নের উত্তরে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে তিনি এসব তথ্য তুলে ধরেন।
সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির তাঁর প্রশ্নে জানতে চান, পার্বত্য অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার বিষয়ে সরকারের কাছে কী তথ্য রয়েছে। গত পাঁচ বছরে এ ধরনের কতটি ঘটনা ঘটেছে এবং কতজন হতাহত হয়েছেন, তা-ও জানতে চান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৪৩৫ জন বেসামরিক নাগরিক এবং ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো।
তিনি আরও জানান, এ সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ওপর ৮১ বার হামলা হয়েছে। পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ২৯৭টি অপহরণ, ৪৭১টি জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসীদের তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে প্রচলিত আইন অনুযায়ী মামলা করে অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে। নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্র ধ্বংস করতে সমন্বিত বাহিনীর বিশেষ অভিযান চালানো হয়। প্রয়োজন অনুযায়ী বিমানবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারও ব্যবহার করা হয়ে থাকে।
চাঁদাবাজি বন্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থের উৎস ও অর্থনৈতিক কর্মকাণ্ড চিহ্নিত করে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া চেকপোস্টের সংখ্যা বাড়ানো এবং মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধে বিজিবির সক্ষমতা বাড়ানো হয়েছে। ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকাতেও নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহের সঙ্গে জড়িত সমতলের বিভিন্ন উৎস ও নেটওয়ার্ক পুলিশ ও এসআরবি উন্মোচন করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাহাড়ে ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে এ পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্য ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে তাদের ব্যবহৃত বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম এবং ড্রোন ও সংকেত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
১১১ বার পড়া হয়েছে