মুন্সীগঞ্জে ১৫টি মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুদানের চেক বিতরণ
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে ১৫টি মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। অনুদানের অর্থ যথাযথ ব্যবহারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানান তিনি।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এই অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ মহিলা বিষয়ক অধিদপ্তর মুন্সীগঞ্জের উপপরিচালক এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথিদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বলেন, পিছিয়ে পড়া নারীদের অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করাই বর্তমান সরকারের মূল উদ্দেশ্য। অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে কিনা তা নিশ্চিতে নিয়মিত মনিটরিং ব্যবস্থার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
বক্তব্যে তিনি নারীদের আত্মনির্ভরশীলতার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, নারী শিক্ষার প্রসার এবং মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধেও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মোট ১৫টি নিবন্ধিত সংগঠনের প্রতিনিধির হাতে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
১৪৪ বার পড়া হয়েছে