জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যায়নি, ছাত্রদলের প্রশংসায় রাশেদ খাঁন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৬:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
আওয়ামী লীগের কথিত অপতৎপরতা প্রতিরোধে রাজপথে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দেখা যায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। অন্যদিকে, সারা রাত রাজপথে অবস্থান ও পাহারা দেওয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের প্রশংসা করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মাঠে পাওয়া যাবে না—এমন বিষয় প্রমাণিত হয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ছাত্রশক্তির নেতাকর্মীরা সংখ্যায় কম হলেও রাজপথে সক্রিয় রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এ জন্য তাঁদের ধন্যবাদ জানান রাশেদ খাঁন।
গণভবন দখলের কথিত পরিকল্পনাকারীদের সমালোচনা করে তিনি আরও বলেন, জাতির দুঃসময়ে তাঁদের গোপনে থাকার প্রবণতা দেখা যায়। অন্যদিকে, সুসময় এলে তাঁদের বিপ্লবীর ভূমিকায় দেখা যায়।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীরা সারা রাত রাজপথে পাহারা দিয়েছেন। এ সময় মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন অলিগলিতেও তাঁরা টহল দিয়েছেন বলে জানান তিনি।
রাশেদ খাঁন বলেন, বুধবারও সারা দিন রাজপথে অবস্থান করবে ছাত্রদল। নিষিদ্ধ ছাত্রলীগ অবরোধের নামে কোথাও অগ্নিসংযোগ বা সহিংসতার চেষ্টা করলে ছাত্রদলের নেতৃত্বে সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
১১৩ বার পড়া হয়েছে