সর্বশেষ

সারাদেশ

আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকেরা

স্টাফ রিপোর্টার, সাভার
স্টাফ রিপোর্টার, সাভার

বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর সাভারের আশুলিয়ায় অধিকাংশ তৈরি পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা। বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের সারিবদ্ধভাবে প্রবেশ করে কাজে যোগ দিতে দেখা গেছে। তবে কয়েকটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের কারণে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্পাঞ্চল আশুলিয়ায় বুধবার সকাল থেকে অধিকাংশ তৈরি পোশাক কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই জামগড়া, বেরন ও নরসিংহপুরসহ বিভিন্ন এলাকার কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়।

তবে সকাল ৯টার পর জামগড়া, বেরন ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। কোথাও কোথাও বিক্ষোভও করেন তাঁরা। এ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কারখানাগুলোতে এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ জানায়, অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করতে থাকেন। পরে কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বের হয়ে বাসায় ফেরার পথে বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।

এদিকে সাভারের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন কারখানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পোশাক কারখানার শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা বের হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি পোশাক কারখানায় এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে দায়িত্ব পালন করছেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০