দ্বিতীয় দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৫৪৮২ টাকা
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৭:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের বাজারে দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমেছে। এতে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। দুই দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম মোট ৫ হাজার ৪৮২ টাকা কমলো।
দেশের বাজারে দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকার তথ্য জানানো হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।
অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এর আগে গত ৬ নভেম্বর টানা তিন দফা দাম বাড়ানোর পর স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল বাজুস। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়।
ওই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৫ টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ২৭৫ টাকা কমিয়ে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সব মিলিয়ে দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা। এর আগে গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১২ হাজার ৭২ টাকা বেড়েছিল।
এদিকে স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা অপরিবর্তিত রয়েছে।
১৩৭ বার পড়া হয়েছে