গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৭:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কের পৃথক দুটি স্থানে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে হাসাপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খসপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সদ্দার একটি মালামালবাহী পিকআপ ভ্যানে করে বাগেরহাটের মংলায় ছেলের বাসার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ঘোনাপাড়া চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি যানবাহনকে পেছন থেকে সজোড়ে ধাক্কা দেয়। এতে গাড়ি থেকে ছিটকে মহাসড়কে পড়ে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একই মহাসড়কের বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় এক দ্রুতগামী ট্রাক পথচারী ওবাইদুর খন্দকারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ওবাইদুর গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আকমান খন্দকারের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুনতাসির মাহামুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
১০৭ বার পড়া হয়েছে