নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে নেত্রকোণার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর ১২ বছর বয়সী ওই ছাত্রীকে মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি বিষয়টি গোপন রাখে। একপর্যায়ে সে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।
পরবর্তী সময়ে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ করেন পরিবারের সদস্যরা। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নেওয়া হলে শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।
মামলাটি দায়েরের পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। ঘটনার ছায়াতদন্ত শুরু করে তৎকালীন র্যাব-১৪। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মামলার প্রধান আসামি শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁকে তিন দিনের রিমান্ডে নেয়।
এদিকে, আইনি প্রক্রিয়া চলার মধ্যেই গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ভুক্তভোগী শিশুটি।
পরবর্তী সময়ে আদালতের নির্দেশে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার পরীক্ষাগারে পাঠায়। ডিএনএ পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদনে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএর মিল পাওয়া যায় ৯৯ দশমিক ৯৯ শতাংশ।
এই বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফলসহ অন্যান্য তদন্তের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারা উল্লেখ করা হয়।
এর আগে গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেন। শুনানির সময় প্রধান আসামি সাগর নিজের সব সম্পত্তি, ১২ শতাংশ জমি, লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তবে আদালত তাঁর সেই আবেদন নাকচ করে দেন।
অবশেষে বুধবার দুপুর ১টার দিকে আদালত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পাশাপাশি তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
১০৬ বার পড়া হয়েছে