সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ছাত্রলীগের অবরোধে সহিংসতা, পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৯:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা অবরোধকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়। বিভিন্ন স্থানে সড়ক অবরোধের কারণে ঢাকা-খুলনা মহাসড়কে কয়েক দফায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া রাতভর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। জব্দ করা হয়েছে সাতটি মোটরসাইকেল এবং উদ্ধার করা হয়েছে ১৫টি অবিস্ফোরিত ককটেল।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে লগি-বৈঠা নিয়ে জড়ো হন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তাঁরা গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত হয়ে লগি-বৈঠার মিছিল বের করেন।

পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এর পর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। একই সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শহরের লঞ্চঘাট গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে গোপালগঞ্জ, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে এবং টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। এতে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতেও জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটে। শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ছাড়া মুকসুদপুর সরকারি কলেজের ফটক, পুরাতন মুকসুদপুরের আকিজ জুটমিলের সামনে এবং কোটালীপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি কোটালীপাড়ায় মশাল মিছিলও করেন নেতা-কর্মীরা।

এসব ঘটনার পর পুলিশ বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন করে। জেলাজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এসব ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

অবরোধ কর্মসূচি প্রসঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, ইউনূস সরকার ও বিএনপি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনে অস্থিরতা নেমে এসেছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, সোমবার রাতে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০