মোংলায় পশুর নদীতে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মোংলার পশুর নদীতে গোসল করতে নামার পর স্রোতের টানে নিখোঁজ হওয়া সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুদিন পর সুন্দরবনের ঢাংমারী খাল এলাকা থেকে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ টিম লাশটি উদ্ধার করে। নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি কয়লাবাহী বাল্কহেড কার্গোর নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে কয়লা খালাস করে তা পরিবহনের কাজে নিয়োজিত ছিল ‘মেসার্স আল্লাহ সহায়’ নামের একটি বাল্কহেড-কার্গো। উক্ত কার্গোতে নিরাপত্তার দায়িত্বে পালন করতে গত দুই দিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোংলায় পৌঁছান নিহত সাবিত।
গত রবিবার (৮ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেটি এলাকায় পশুর নদীতে গোসল করতে নামেন সাবিত খান। এ সময় নদীর তীব্র স্রোতে তিনি ভেসে যান এবং পানির গভীরে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা প্রাথমিক উদ্ধারের চেষ্টা চালালেও কোনো সন্ধান মেলেনি।
ঘটনার পর পরই ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিন খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে সুন্দরবনের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় নদী থেকে তার নিথর দেহ ভেসে উঠতে দেখেন উদ্ধারকারীরা। পরবর্তীতে সেখান থেকে উদ্ধারকারী দল তার লাশ উদ্ধার করে।
১৩৯ বার পড়া হয়েছে