অধ্যক্ষ পদে সফিকুল ইসলামের জালিয়াতি, একসাথে দুই প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৩:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শমশেরনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলামের বিরুদ্ধে অধ্যক্ষ পদে পদসৃজন ও সরকারি বেতন-ভাতা গ্রহণে অনিয়মের অভিযোগ উঠেছে। একই সময়ে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করে বেতন-ভাতা উত্তোলনের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় পদসৃজন প্রস্তাব ও অনুমোদনের মধ্যে অসংগতি এবং পূর্ববর্তী কর্মস্থলে দীর্ঘদিন চাকরিতে বহাল থাকার তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন কলেজের শিক্ষকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শমশেরনগর সরকারি ডিগ্রি কলেজের (সাবেক নাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল মহাবিদ্যালয়) অধ্যক্ষ মো. সফিকুল ইসলামের নিয়োগ, পদসৃজন ও চাকরির অভিজ্ঞতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তিনি অধ্যক্ষ পদে পদসৃজনের সুযোগ পেয়েছেন এবং সরকারি বেতন-ভাতা গ্রহণ করছেন। পাশাপাশি একই সময়ে দুটি প্রতিষ্ঠানে চাকরি করার অভিযোগও সামনে এসেছে।
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, কলেজটি ২০২১ সালের ১১ আগস্ট সরকারি হয়। তবে সফিকুল ইসলাম প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ হিসেবে যোগ দেন ২০১০ সালের ১২ জানুয়ারি। এর আগে তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জিটি কলেজ, তালসারে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে ২০০৪ সালের ১৭ মার্চ যোগদান করেন। ওই পদে তাঁর এমপিওভুক্তি হয় একই বছরের ৪ মে।
অর্থাৎ শমশেরনগর কলেজে যোগদানের সময় তাঁর প্রভাষক হিসেবে প্রায় পাঁচ বছর আট মাসের অভিজ্ঞতা ছিল। কিন্তু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ প্রদান এবং জনবল কাঠামো-২০১০ অনুযায়ী, উচ্চমাধ্যমিক কলেজের অধ্যক্ষ পদে ১২ বছর এবং স্নাতক (পাস) কলেজের অধ্যক্ষ পদে ১৫ বছরের কলেজ পর্যায়ের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন। একই নীতিমালার ১১-এর (খ) ধারায় বলা হয়েছে, প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানের পদে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি নির্ধারিত বেতন স্কেলের নিচের ধাপে বেতন পাবেন।
এ ছাড়া সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮-এর ৫(২) বিধির ব্যাখ্যায় আত্তীকরণের ক্ষেত্রে বেসরকারি কলেজে সংশ্লিষ্ট শিক্ষক পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতাকে বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগকারীদের প্রশ্ন, প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকার পরও কীভাবে সফিকুল ইসলাম অধ্যক্ষ পদে আত্তীকরণের সুযোগ পেলেন?
পদসৃজনের প্রস্তাব ও অনুমোদনে অসংগতি
কলেজটির আত্তীকরণ, পদসৃজন ও অস্থায়ী নিয়োগসংক্রান্ত নথিপত্র পর্যালোচনায় পদসৃজন প্রস্তাবের সঙ্গে পরবর্তী অনুমোদনের অসংগতি পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।
নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষা মন্ত্রণালয়ে কলেজটির পদসৃজন প্রস্তাব পাঠায়। সেখানে ২০১০ সালের জনবল কাঠামো অনুযায়ী প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকায় সফিকুল ইসলামের বেতন নিম্ন ধাপে নির্ধারণের বিষয়টি উল্লেখ করা হয়।
পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মু. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পদসৃজনসংক্রান্ত সভায় কলেজটির ৫৩টি পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়। এর মধ্যে ৩৭টি শিক্ষক এবং ১৬টি কর্মচারীর পদ ছিল। সভায় সফিকুল ইসলামের জন্য ইংরেজি বিভাগের প্রভাষক পদে পদসৃজনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট কার্যবিবরণীতে উল্লেখ রয়েছে।
২০২২ সালের ৩০ আগস্ট স্বাক্ষরিত সভার কার্যবিবরণীর ভিত্তিতে ওই বছরের ৪ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত পত্রে ৫৩টি পদ সৃষ্টির সম্মতি চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। ওই প্রস্তাবে অধ্যক্ষ পদ অন্তর্ভুক্ত ছিল না বলে দাবি করা হয়েছে।
কিন্তু ২০২৩ সালের ১৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা-৬ শাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত পত্রে সফিকুল ইসলামের জন্য অধ্যক্ষ পদসহ মোট ৫৩টি পদ সৃষ্টির সম্মতি দেওয়া হয়। পরে শিক্ষা মন্ত্রণালয় ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখে তাঁকে অধ্যক্ষ পদে অস্থায়ী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
এখানেই মূল প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের বক্তব্য, সংশ্লিষ্ট সভায় যে পদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এবং পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবেও যে পদ ছিল না, সেই অধ্যক্ষ পদ কীভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনে অন্তর্ভুক্ত হলো?
কলেজের কয়েকজন শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তির অভিযোগ, অসাধু কর্মকর্তাদের যোগসাজশে অনিয়মের মাধ্যমে এ পদ সৃষ্টি করা হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।
প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ দাবি নিয়েও প্রশ্ন
কলেজের কয়েকজন শিক্ষকের দাবি, বিভিন্ন সময়ে শিক্ষক সভা ও ব্যক্তিগত আলোচনায় সফিকুল ইসলাম নিজেকে প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হওয়ার কারণেই তিনি অধ্যক্ষ পদে আত্তীকরণের সুযোগ পেয়েছেন।
তবে অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, কলেজটি প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। আর সফিকুল ইসলাম অধ্যক্ষ হিসেবে যোগ দেন ২০১০ সালের ১২ জানুয়ারি। ফলে তাঁকে প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ বলার ভিত্তি নিয়েও প্রশ্ন উঠেছে।
শিক্ষকদের ভাষ্য, প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে কোনো বিশেষ সুবিধা পাওয়ার বিধান থাকলেও সংশ্লিষ্ট আইন ও বিধিমালায় তার ভিত্তি থাকতে হবে। এ বিষয়ে সফিকুল ইসলাম তাঁদের কাছে কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেননি বলে দাবি করেছেন কয়েকজন শিক্ষক। তাঁরা সংশ্লিষ্ট অধিদপ্তর ও মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের তদন্তের পাশাপাশি প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।
দুটি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ
সফিকুল ইসলামের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো একই সময়ে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করা এবং উভয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বেতন-ভাতা গ্রহণ।
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি ২০০৪ সালের ১৭ মার্চ কোটচাঁদপুরের জিটি কলেজ, তালসারে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। অন্যদিকে ২০১০ সালের ১২ জানুয়ারি শমশেরনগর কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। সে সময় পূর্ববর্তী কর্মস্থলের প্রায় ছয় বছরের অভিজ্ঞতার কাগজপত্রও জমা দেন তিনি।
তবে অভিযোগ রয়েছে, শমশেরনগর কলেজে যোগদানের পরও তিনি জিটি কলেজে চাকরিতে বহাল ছিলেন। নথি অনুযায়ী, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জিটি কলেজে তাঁর কর্মরত থাকার তথ্য পাওয়া গেছে। ওই সময় পর্যন্ত তিনি এমপিওভুক্ত শিক্ষক হিসেবে ইংরেজি বিভাগের প্রভাষক পদের বেতন-ভাতাও উত্তোলন করেছেন বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
এ-সংক্রান্ত তথ্য হিসেবে তাঁর ইনডেক্স নম্বর কে৩০০২৩৩৯ এবং রূপালী ব্যাংক পিএলসির কোটচাঁদপুর শাখার টি-৫৭৮ নম্বর হিসাবের উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, ২০২০ সালের জানুয়ারির প্রথম দিকে শমশেরনগর কলেজ সরকারিকরণের খবর জানার পর তিনি পূর্ববর্তী কর্মস্থল থেকে পদত্যাগ করেন। তবে পদত্যাগপত্রে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখ দেখানো হয়। তাঁদের প্রশ্ন, একই সময়ে দুটি প্রতিষ্ঠানে চাকরির বিষয়টি কীভাবে সম্ভব হলো এবং দুই প্রতিষ্ঠানের হাজিরা ও বেতনসংক্রান্ত নথিতে কী তথ্য রয়েছে?
সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮-এর ১৪ বিধি অনুযায়ী, কলেজ সরকারিকরণের আগে বেসরকারি চাকরির সময়ের ৫০ শতাংশ কার্যকর চাকরিকাল হিসেবে গণনার বিধান রয়েছে। অভিযোগকারীদের মতে, একই সময়ে অন্য প্রতিষ্ঠানে চাকরি ও আর্থিক সুবিধা গ্রহণের বিষয়টি এ বিধিমালার আলোকে তদন্ত করা প্রয়োজন।
গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে জিটি কলেজ, তালসার সরেজমিনে পরিদর্শন করেন এই প্রতিবেদক। এ সময় প্রতিষ্ঠানটির বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কর্মরত শিক্ষকেরা অভিযোগের বিষয়ে তথ্য দিয়েছেন বলে প্রতিবেদকের দাবি। এ-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্রও সংগ্রহ করা হয়েছে। সংশ্লিষ্ট অধিদপ্তর, মন্ত্রণালয় কিংবা দুর্নীতি দমন কমিশনের তদন্তে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা।
তদন্ত ও শাস্তির দাবি
এসব অভিযোগ ঘিরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁদের কেউ কেউ অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অনিয়ম এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও তুলেছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীন তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
অভিযোগকারীদের দাবি, অধ্যক্ষ পদে পদসৃজন, নিয়োগ, আত্তীকরণ এবং একই সময়ে দুটি প্রতিষ্ঠানে চাকরির বিষয়টি সংশ্লিষ্ট সব নথিপত্র যাচাই করে তদন্ত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে সফিকুল ইসলামসহ অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
তবে এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মো. সফিকুল ইসলামের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া গেলে তা প্রকাশ করা প্রয়োজন।
১৭২ বার পড়া হয়েছে