সর্বশেষ

রাজনীতি

নিহত শ্রমিক তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আন্দোলনে নিহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ১১ মাসের শিশুসন্তান নিয়ে অসহায় অবস্থায় থাকা তৌফিকের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে পরিবারের খোঁজখবর নেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান জামায়াত আমির। ফোনালাপে তৌফিকের পারিবারিক পরিস্থিতি, আর্থিক সংকট ও স্বজনদের দুর্দশার কথা তুলে ধরেন তিনি।

ডা. শফিকুর রহমান জানান, তৌফিক ও তাঁর বড় ভাই দুজনই একই পোশাক কারখানায় কাজ করতেন। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা দুই ভাইকে জীবনের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হয়েছে। শ্রমিক আন্দোলনের সময় চোখের সামনে ছোট ভাইকে হারিয়ে বড় ভাই মানসিকভাবে ভেঙে পড়েছেন।

জামায়াত আমিরের ভাষ্য, হাসপাতালে নেওয়ার পর তৌফিক সংজ্ঞাহীন থাকায় তাঁর সঙ্গে শেষবারের মতো কথা বলার সুযোগও পাননি বড় ভাই।

১১ মাসের সন্তান নিয়ে অনিশ্চয়তায় স্ত্রী

তৌফিকের পারিবারিক দুরবস্থার কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান জানান, তাঁর স্ত্রীও আগে অভাবের কারণে পোশাক কারখানায় কাজ করতেন। তবে সন্তান জন্মের পর তার লালন-পালনের জন্য চাকরি ছেড়ে দেন তিনি। তাঁদের একমাত্র সন্তানের বয়স এখন মাত্র ১১ মাস।

স্বামীকে হারিয়ে ছোট শিশুকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তৌফিকের স্ত্রী। পরিবারের নিজস্ব কোনো বসতভিটা নেই। গাইবান্ধার গোবিন্দগঞ্জে তাঁদের মাথা গোঁজার মতো এক ইঞ্চি জমিও নেই। বর্তমানে স্বামীর চাচার ছোট একটি ঘরে আশ্রয় নিয়ে রয়েছেন স্ত্রী ও সন্তান।

সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি

তৌফিকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াত আমির। তিনি বলেন, দরিদ্র মানুষের বিচার পাওয়ার সুযোগ নিয়ে সংশয় থাকলেও তাঁরা ন্যায়বিচারের দাবি জানাবেন। বিচার নিশ্চিত হলে অসহায় স্ত্রী ও পরিবারের সদস্যরা কিছুটা হলেও সান্ত্বনা পাবেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা ইনশাআল্লাহ এই পরিবারের পাশে থাকব। আল্লাহ তাআলা এই অসহায় পরিবারের সহায় হোন। আমিন।’

পরিবারের খোঁজ নিতে স্থানীয় নেতারা

নিহত তৌফিকের পরিবারের সঙ্গে ফোনালাপের সময় উপস্থিত ছিলেন জামায়াতের গাইবান্ধা জেলা শাখার আমির ও সংসদ সদস্য আব্দুল করিম, সাবেক জেলা আমির ও গোবিন্দগঞ্জ আসনে সাবেক সংসদ সদস্য প্রার্থী চিকিৎসক ডা. আব্দুর রহিম সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমিরসহ স্থানীয় নেতারা।

তাঁরা শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে এবং স্বজনদের সান্ত্বনা জানাতে সেখানে উপস্থিত হন।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০