সর্বশেষ

সারাদেশ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৮:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের মেলান্দহে ট্রাক, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট মাস বয়সী এক শিশুও রয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২০), তাঁদের আট মাস বয়সী শিশুসন্তান রিফা এবং মোটরসাইকেলচালক শওকত হাসান লিখন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি মোটরসাইকেল জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল। এ সময় জামালপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক শওকত হাসান লিখন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এরপর ট্রাকটি পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিন সদস্য মোর্শেদ আলম, তাঁর স্ত্রী ইকরামা ও তাঁদের আট মাস বয়সী শিশুসন্তান রিফা ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত মোটরসাইকেলচালক শওকত হাসান লিখনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় অটোরিকশাচালক হযরত আলী (৪২) ও যাত্রী শাকিল (১৬) আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০