গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৯:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রীতি ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উদযাপনে সকাল থেকেই স্থানীয় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।
দিবসটির সূচনা হয় শনিবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পরবর্তীতে সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক সুলতানের উপস্থাপনায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এর তাৎপর্য তুলে ধরেন। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ এবং জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আনসার-ভিডিপি কমান্ডার এস এম রায়হান জিলানী, গোপালগঞ্জ ২৫০-শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিকালে জেলা স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচ এবং শিল্পকলা একাডেমিতে চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, জেলা বিএনপির উদ্যোগে পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে পৃথক আলোচনা সভা ও শহরে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
১০৭ বার পড়া হয়েছে