টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৮:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে তিতাস শেখ নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে।
বৃহস্পতিবার বিকেলে টেকনাফের নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় এ ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়, টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রেখেছে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল। এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল অভিযান শুরু করে।
বিকেল পাঁচটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়।
একপর্যায়ে সেনাসদস্য তিতাস শেখ বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
যৌথ বাহিনীর অভিযানে মানবপাচারকারীদের আস্তানা থেকে জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়। এ ছাড়া চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়।
নিহত সেনাসদস্য তিতাস শেখের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে। তাঁর বাবার নাম আফজাল হোসেন।
পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে তিতাস শেখের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
১১১ বার পড়া হয়েছে