সর্বশেষ

সারাদেশ

অসুস্থ কিশোরকে মারধরে কানের পর্দা ফাটানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৯:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেট নগরীর হাওলাদারপাড়া এলাকায় ১৩ বছর বয়সী এক অসুস্থ কিশোরকে মারধর করে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা মিন্টু পাল মন্টুর বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরের পরিবারকে হত্যার পর লাশ গুম এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অভিযুক্তের বিরুদ্ধে জালালাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর বাবা।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মিন্টু পাল মন্টু (৫০) জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যদিকে, ভুক্তভোগী কিশোর স্বপ্নীল দাস নীরবের বাবা সুবল কুমার দাস পেশায় একজন দিনমজুর।

১৩ বছর বয়সী স্বপ্নীল দীর্ঘদিন ধরে রক্তশূন্যতাজনিত রোগে ভুগছে। শারীরিক অসুস্থতার কারণে এখনো তাকে বিদ্যালয়ে ভর্তি করা সম্ভব হয়নি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিবারের সদস্যরা সব সময় তার দেখাশোনা করেন।

অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে খেলাধুলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় স্বপ্নীল। হাওলাদারপাড়া এলাকার মাহিনের অটোরিকশার গ্যারেজের সামনে পৌঁছালে মিন্টু পাল তার পথ আটকে মিথ্যা অপবাদ দিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে কিশোরের বাম কানে জোরে ঘুষি মারেন তিনি। এতে তার কানের পর্দা ফেটে যায় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

এ সময় কিশোরকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এমনকি গলা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগও করেছেন তার বাবা।

স্বপ্নীলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে ছেলেকে রক্ষা করতে ঘটনাস্থলে ছুটে যান তার মা সুবর্ণা রানী দাস। অভিযোগ অনুযায়ী, এ সময় তাকেও হুমকি দেওয়া হয়। ঘটনার প্রতিবাদ করায় তাঁকে মেরে ফেলার ভয় দেখান মিন্টু পাল।

লিখিত অভিযোগে সুবল কুমার দাস আরও উল্লেখ করেন, ঘটনার পর আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত তাঁদের পুরো পরিবারকে হত্যার পর লাশ গুম এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন।

পরে গুরুতর আহত ও অচেতন অবস্থায় স্বপ্নীলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন।

সুবল কুমার দাস বলেন, ‘আমার ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ। অনেক কষ্টে তার চিকিৎসা করাচ্ছি। এমন অসুস্থ একটি শিশুর ওপর এভাবে নির্যাতন করা হয়েছে। ঘটনার প্রতিবাদ করতে গিয়ে এখন পুরো পরিবারকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।’

তিনি আরও বলেন, একজন অসহায় বাবা হিসেবে ছেলের ওপর নির্যাতনের সুষ্ঠু বিচার চান। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সিটিএসবির প্রধান মো. আফজাল হোসেন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০