মানিকগঞ্জে চাঞ্চল্যকর ট্রিপল হত্যা মামলা: ৫ জনের মৃত্যুদণ্ড, ১৫ জনের কারাদণ্ড
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৯:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় তিনজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ এস এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. জিয়ার উদ্দিন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, আবদুর রশিদ, জসিম ও সিদ্দিক মিয়া।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আট আসামি হলেন মো. জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, মো. শামসুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মো. মরণ ও স্বপন। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
এ ছাড়া শামীম ও হাবু মিয়াকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মজনু মিয়াকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজিয়া খাতুন ও সুফিয়া খাতুনকে ছয় মাস করে এবং সাহেরা ও খাতুনীকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। তাঁরা হলেন উজ্জ্বল, ওলি আহাদ, শুকুর জোলা ও রাজা জোলা।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার জানান, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আজিজ মোল্লা, টেন্ডুল মোল্লা ও করিম মোল্লাকে হত্যা করা হয়। তাঁদের নির্মমভাবে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল।
এ ঘটনায় নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে সিংগাইর থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আমিনুর রহমান ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলাটিতে মোট ২১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডসহ অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার। তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
১২৩ বার পড়া হয়েছে