পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং অসম্মানের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে জেলা ইউনিট কমান্ড বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে জেলার পাঁচটি উপজেলার মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করা হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলে তাঁকে পূর্ণ সম্মানের সঙ্গে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করাই নিয়ম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পিরোজপুরে স্বাধীনতা বিরোধী একটি চক্র বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে চরম বিঘ্ন সৃষ্টি করেছে।
বক্তারা ঘটনাটির তীব্র ধিক্কার জানিয়ে অবিলম্বে দাফনে বাধাদানকারী চক্রটিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে জেলা ইউনিট কমান্ডার আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোজাম্মেল হক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম সভাপতি মো. ইউনুস শেখ বক্তব্য রাখেন।
১১১ বার পড়া হয়েছে