৪ বাড়ির সামনে কাফনের কাপড়, আতর ও গলাকাটা মুরগি; এলাকায় আতঙ্ক
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে এক সরকারি কর্মকর্তাসহ চারটি বাড়ির সামনে কাফনের কাপড়, আতর ও গলাকাটা মুরগি রেখে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বড় চন্দ্রাইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মাসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোছলেহ উদ্দিনের পরিবারকে যারা সহযোগিতা করেছিলেন, তাঁদের বাড়ির সামনেই এসব সামগ্রী রেখে গেছে অজ্ঞাতনামা ব্যক্তিরা। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে মোছলেহ উদ্দিনের বাড়িসহ আরও তিনটি বাড়ির সামনে কাফনের কাপড়, আতর ও গলাকাটা মুরগি দেখতে পান স্থানীয়রা। বাড়িগুলোর মধ্যে গণপূর্ত অধিদপ্তরের একজন কর্মকর্তার বাড়িও রয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, বৃহস্পতিবার ভোররাতে মোছলেহ উদ্দিনসহ চারটি বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসব সামগ্রী রেখে যায়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১০৯ বার পড়া হয়েছে